এক দশকে সবচেয়ে বড় পতন! চালের উৎপাদনে নামছে ধস, আকাশছোঁয়া দামের আশঙ্কায় কাঁপছে মধ্যবিত্ত

ভাত বাঙালির খাদ্যতালিকার অবিচ্ছেদ্য অংশ। সকাল, দুপুর কিংবা রাত—অধিকাংশ গৃহস্থের পাতেই ভাত থাকা চাই-ই চাই। তবে এবার সেই নিত্যপ্রয়োজনীয় চাল নিয়েই বড়সড় চিন্তার মেঘ জমেছে দেশজুড়ে। চলতি অর্থবর্ষে দেশে চাল উৎপাদন একধাক্কায় অনেকটা কমতে চলেছে বলে জানাল কেন্দ্রীয় কৃষি মন্ত্রক। বিগত এক দশকেরও বেশি সময় পর ভারতে চাল উৎপাদনে এমন নজিরবিহীন পতনের আশঙ্কা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই উৎপাদন কমলে বাজারে চালের জোগান ও তার খুচরো দামের ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

কতটা কমছে উৎপাদন?

কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের দেওয়া সাম্প্রতিক পরিসংখ্যান ও অনুমান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতে প্রায় ১৫.৪ কোটি টন চাল উৎপাদিত হয়েছিল। তবে ২০২৬-২৭ অর্থবর্ষে সেই সামগ্রিক উৎপাদন কমে প্রায় ১৪.৭ কোটি টনে নেমে আসতে পারে। অর্থাৎ, মাত্র এক বছরের ব্যবধানে দেশজুড়ে চালের উৎপাদন প্রায় ৭০ লক্ষ টন কমার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে চালের এই পরিমাণ উৎপাদন হ্রাস পাওয়া অত্যন্ত উদ্বেগজনক।

কেন এই আকস্মিক ধস?

চাল উৎপাদন আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার পিছনে মূলত দুটি প্রধান কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা:

  • খামখেয়ালি আবহাওয়া ও বৃষ্টির অভাব: দেশের কৃষি ব্যবস্থা এখনও অনেকটাই মৌসুমি বায়ুর ওপর নির্ভরশীল। ধান চাষের মরসুমে পর্যাপ্ত বৃষ্টির ঘাটতি হওয়ায় জমিতে সেচের জলের অভাব দেখা দিয়েছিল, যার সরাসরি প্রভাব পড়েছে ধানের ফলনে।

  • ইথানল তৈরিতে চালের ব্যবহার: চালের জোগান ও বাজারদরের ওপর বড় প্রভাব ফেলছে কেন্দ্রের ই-২০ (E-20) পেট্রোল নীতি। পেট্রোলে ২০ শতাংশ ইথানল মেশানোর লক্ষ্যমাত্রা পূরণ করতে খাদ্যশস্যের বিপুল ব্যবহার হচ্ছে। আখ ও ভুট্টার পাশাপাশি ‘ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া’ (FCI)-র সরকারি গুদামে মজুত চালও ইথানল তৈরিতে বরাদ্দ করা হচ্ছে। অর্থাৎ, খাদ্যশস্যের একটি বড় অংশ চলে যাচ্ছে জ্বালানি উৎপাদনে।

ইতিমধ্যেই তুঙ্গে চালের দাম, পকেটে টানের ভয়!

বিগত কয়েক বছরে চালের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। হিসাব বলছে, এক দশক আগে দেশে চালের গড় দাম ছিল প্রতি কেজি মাত্র ২৭ টাকা। বর্তমানে অনলাইন ও খোলা বাজারে ব্র্যান্ডেড ‘মট্টা বাডি’ চালের দাম প্রতি কেজি ৫৬ টাকা থেকে শুরু করে ৮৫ টাকা পর্যন্ত ঠেকেছে। অন্যদিকে, ‘পোন্নি’ চাল বিক্রি হচ্ছে ৬৫ টাকা থেকে ১০১ টাকা কেজি দরে।

এই পরিস্থিতিতে বাজারে চালের জোগান ১৪.৭ কোটি টনে নেমে এলে চাহিদার তুলনায় জোগান কমবে। ফলস্বরূপ পণ্যের দাম আরও একধাপ লাফিয়ে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে সরকারের হাতে থাকা অতিরিক্ত মজুত চাল এবং আগামী দিনের সঠিক বাজার ব্যবস্থাপনার ওপর চালের চূড়ান্ত দাম নির্ভর করবে। তা সত্ত্বেও, ইথানল উৎপাদন বৃদ্ধি ও সামগ্রিক ফলন কমার কারণে আগামী দিনে মধ্যবিত্তের রান্নাঘরের বাজেটে যে বাড়তি চাপ পড়তে চলেছে, তা বলাই বাহুল্য।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *