“মা তুমি রাহাকে মেরেছ?” নীতুকে সোজা ভিডিয়ো কল রণবীরের! ছোট্ট রাহার এক নালিশে তুলকালাম কাপুর পরিবারে

বাবা হওয়ার পর থেকেই যেন জীবনটা এক লহমায় বদলে গিয়েছে রণবীর কাপুরের (Ranbir Kapoor)। কাজ বা ব্যস্ততা যতই থাক না কেন, মেয়ে রাহাই এখন তাঁর গোটা বিশ্ব। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে বাবা-মেয়ের একটি অত্যন্ত মিষ্টি ও নিজস্ব রুটিন রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই গোপন অভ্যাসের কথা ফাঁস করেছেন রণবীরের মা, অভিজ্ঞ অভিনেত্রী নীতু কাপুর। আর সেই সঙ্গেই উঠে এল এক হাসির গল্প, যা শুনলে যেকোনো অনুরাগীর মুখেই হাসি ফুটবে।

কী ঘটেছিল সেই রাতে?

নীতু জানান, প্রতিদিন রাতে ঘুমানোর আগে রাহার সঙ্গে একান্তে গল্প করতে বসেন রণবীর। সারাদিনের পুঙ্খানুপুঙ্খ হিসেব নেন মেয়ের কাছ থেকে। আদুরে গলায় রণবীর জিজ্ঞেস করেন, “আজকের দিনে তোমার সঙ্গে সবচেয়ে ভালো কী ঘটেছে? আর কোন বিষয়টায় মন খারাপ হয়েছে?” ছোট্ট রাহাও বাবার কাছে নির্দ্বিধায় মন উজাড় করে দেয়। বাবা-মেয়ের এই সুন্দর মুহূর্তটি নীতু কাপুরের অত্যন্ত পছন্দের।

তবে একদিন এই “মন খারাপের” কথা বলতে গিয়েই ঘটে গেল এক কাণ্ড! রাহা সোজা বাবার কাছে নালিশ ঠুকে বসে, “ঠাকুমা আমার মাথায় মেরেছে!”

আদরের একমাত্র মেয়ের মুখে এমন নালিশ শুনে তো রণবীরের চোখ চড়কগাছে! মা এমনটা করতে পারেন, ভাবতেই পারেননি তিনি। আর দেরি না করে সঙ্গে সঙ্গেই মা নীতু কাপুরকে ভিডিয়ো কল করে বসেন অভিনেতা।

ছেলেকে আসল ঘটনা বুঝালেন নীতু

ছেলের ফোন ধরতেই রণবীরের সটান প্রশ্ন, “মা, তুমি আমার মেয়েকে মেরেছ?”

কথাটা শুনে তো রীতিমতো আকাশ থেকে পড়েন নীতু! পরে ধাতস্থ হয়ে ছেলেকে আসল ঘটনাটা বুঝিয়ে বলেন তিনি। নীতু জানান, তিনি তখন ঘরে প্রদীপ জ্বেলে পুজো করছিলেন। ঠিক সেই সময়েই ছোট্ট রাহা তাঁর একদম সামনে এসে দাঁড়ায়। অসাবধানতাবশত আরতির থালাটি সামান্য রাহার মাথায় ছোঁয়া লেগে যায়। ইচ্ছা করে মোটেই তিনি নাতনিকে আঘাত করেননি! মায়ের মুখ থেকে আসল সত্য শুনে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেন কাপুর-নন্দন।

কড়া মা আলিয়া, খেলার সঙ্গী রণবীর

শুধু এই মজার নালিশই নয়, ছেলে রণবীর ও বৌমা আলিয়া ভাটের সন্তান লালন-পালনের কায়দা নিয়েও খোলামেলা কথা বলেছেন নীতু। তিনি জানান, রাহা তার মা আলিয়াকে একটু ভয় পায়, কারণ আলিয়া শাসনের বিষয়ে বেশ কড়া। অন্যদিকে, বাবা রণবীর তার একেবারে সেরা খেলার সঙ্গী। আলিয়া যখন কড়া শিক্ষিকার ভূমিকায়, রণবীর তখন মেয়ের সব দুষ্টুমির প্রশ্রয়দাতা। নীতুর মতে, বাবা-মা হিসেবে আলিয়া ও রণবীর দু’জনেই নিখুঁত। আর বলা বাহুল্য, এই মুহূর্তে পুরো কাপুর পরিবারেই চলছে পুচকে রাহার রাজত্ব!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *