হঠাৎ দিল্লি পুলিশের সমন! ১৩ বছরের পুরনো চাঞ্চল্যকর মামলায় আইনি জালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

হঠাৎ করেই আইনি জটিলতার মুখে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৩ বছর আগের একটি পুরনো মামলার তদন্তের স্বার্থে তাঁকে সশরীরে তলব করে নোটিশ পাঠাল দিল্লি পুলিশ। সোমবার রাজধানী দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার পক্ষ থেকে এই সমন পাঠানো হয়েছে। এই আকস্মিক পদক্ষেপে ইতিমধ্যেই জাতীয় ও রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল শুরু হয়েছে।

কোন ঘটনার প্রেক্ষিতে এই নোটিশ?

সূত্রের খবর, ২০১৩ সালের ৯ এপ্রিলের একটি ঘটনার ভিত্তিতে এই আইনি পদক্ষেপ করা হয়েছে। সেই সময় দিল্লিতে একটি রাজনৈতিক কর্মসূচি চলাকালীন সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি কর্মচারীকে আক্রমণ ও আঘাত করা এবং বেআইনিভাবে জমায়েত করার মতো একাধিক গুরুতর অভিযোগ উঠেছিল। সেই পুরনো মামলার তদন্ত প্রক্রিয়াকেই এবার ত্বরান্বিত করতে চাইছে দিল্লি পুলিশ।

তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, ওই মামলার তদন্তের স্বার্থে নয়াদিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার বিশেষ পুলিশ অফিসাররা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতাকে জিজ্ঞাসাবাদ করতে চান। সেই কারণেই তাঁকে হাজিরার নোটিশ ধরানো হয়েছে। এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, ‘‘আমরা এই আইনি প্রক্রিয়ায় দিল্লি পুলিশকে সহযোগিতা করেছি। তবে পুরো বিষয়টি একান্তভাবেই তাদের নিজস্ব মামলা।’’

মমতার বিরুদ্ধে কোন কোন গুরুতর ধারায় মামলা?

যে মামলার ভিত্তিতে দিল্লি পুলিশ এই হাজিরা নোটিশ জারি করেছে, তাতে ভারতীয় দণ্ডবিধির (IPC) একাধিক কঠোর ধারা যুক্ত রয়েছে। আইনি নথি অনুযায়ী, মমতার বিরুদ্ধে যে ধারাগুলিতে অভিযোগ আনা হয়েছে সেগুলি হলো:

  • ধারা ১৮৬ (IPC): সরকারি কর্মচারীর সরকারি কাজে বাধা দান।

  • ধারা ৩৫৩ (IPC): সরকারি কর্মচারীকে কর্তব্য পালনে বাধা দিতে আক্রমণ বা অপরাধমূলক বলপ্রয়োগ।

  • ধারা ৩৩২ (IPC): সরকারি কর্মচারীকে স্বেচ্ছায় আঘাত করা।

  • ধারা ১৪৭ ও ১৪৯ (IPC): হিংসা-হাঙ্গামা ও বেআইনিভাবে জনতা জমায়েত করা।

  • ধারা ৩৪ (IPC): যৌথ বা সাধারণ উদ্দেশে অপরাধ সংঘঠন।

রাজনৈতিক মহলে চরম উত্তেজনা

১৩ বছর পুরনো একটি মামলায় দিল্লি পুলিশের এই হঠাৎ তৎপরতা এবং হাজিরা নোটিশ পাঠানোর ঘটনায় রাজ্য রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে। তবে এই অত্যন্ত সংবেদনশীল বিষয়ে এখনও পর্যন্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। পাশাপাশি, বিরোধী দল বিজেপির তরফ থেকেও এই মুহূর্তে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আগামী দিনে এই আইনি জল কতদূর গড়ায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *