যে দানবেরা বাংলার শান্তি কেড়ে নিয়েছে, তাদের বধ করো মা!’ কালীপুজোয় কেঁদে ব্যাকুল তৃণমূল সাংসদ!

প্রতি বছরের ঐতিহ্য মেনে এই বছরও বাঁকুড়ার দোলতলায় নিজের পৈতৃক বাড়িতে কালীপুজোয় মেতে উঠলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলীয় বা রাজনৈতিক ব্যস্ততা যতই থাক না কেন, প্রতি বছর পুজোর এই দিনগুলোতে নিজের বাড়িতে ফিরে আসা তাঁর বরাবরের নিয়ম। তবে এই বছর বাঁকুড়ার বাড়িতে মায়ের আরতি করার সময় এক নজিরবিহীন আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকলেন উপস্থিত সকলে। আরতি করতে করতেই মায়ের প্রতিমার সামনে হাউহাউ করে কান্নায় ভেঙে পড়েন প্রবীণ এই সাংসদ, জানান সাষ্টাঙ্গ প্রণামও।

দেবী প্রতিমাকে জড়িয়ে ধরে কাতরোক্তি

রবিবার রাতের পাশাপাশি সোমবার দুপুরেও পরিবারের সঙ্গে বাড়ির মন্দিরে পুজো ও ধুনুচি আরতিতে অংশ নেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মন্ত্রোচ্চারণ ও আরতির সময় তিনি হঠাৎই কেঁদে ফেলেন এবং প্রতিমাকে জড়িয়ে ধরে কাতর আর্জি জানান। দেবীর কাছে চোখের জল ফেলে তিনি বলেন,

“বাংলার মানুষ শান্তিতে নেই। যে সব দানবগুলি ৬ মাস ধরে বাংলার শান্তি কেড়ে নিয়েছে, তাদের বধ করে দাও মা।”

“একটি পাপী ওপরে বসে আছে…” বিস্ফোরক তোপ সাংসদের

পুজোর পাঠ ও আরতি শেষ করার পর রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খোলেন শ্রীরামপুরের সাংসদ। দুর্গাপুজোর সময় চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মর্মান্তিক মৃত্যুর প্রসঙ্গ তুলে ধরে কড়া মন্তব্য করেন তিনি। রাজনৈতিক প্রতিপক্ষকে আড়াল না করে তিনি বলেন,

“একটি পাপী ওপরে বসে আছে। তার জন্যই দুর্গাপুজোয় অর্থাৎ চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জন মানুষ প্রাণ হারিয়েছেন।”

একইসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, তাঁকে পুজো করা থেকেও আটকানোর চেষ্টা করেছিল বিরোধীরা। তিনি অভিযোগ তুলে বলেন,

“ওই দানবগুলি বলেছিল আমায় পুজো করতে দেবে না। বলেছিল কোনও পুজো মণ্ডপে গেলে আমাকে গ্রেফতার করবে। কিন্তু তা সত্ত্বেও মায়ের কৃপায় আমি পুজো করেছি। মা যেন এই সব দানবদের উপযুক্ত শাস্তি দেন।”

পৈতৃক ভিটেয় মা কালীর আরতির সময় সাংসদের এমন কান্না ও একইসঙ্গে রাজনৈতিক আক্রমণের এই রূপ ঘিরে জোর চড়েছে রাজনীতির পারদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *