স্টিফেন হকিংয়ের সারিতে বাঙালি বিজ্ঞানী! অস্কার ক্লেন পদক জিতে ইতিহাস গড়লেন অশোক সেন

বিশ্ব পদার্থবিদ্যার আঙিনায় ফের এক ঐতিহাসিক সাফল্যের মুকুট উঠল কোনো ভারতীয়ের মাথায়। ২০২৬ সালের মর্যাদাপূর্ণ ‘অস্কার ক্লেন পদক’ (Oscar Klein Medal) অর্জন করে নিলেন দেশের অন্যতম বিশিষ্ট তাত্ত্বিক পদার্থবিদ তথা বাঙালি বিজ্ঞানী অশোক সেন। এই বিরল সম্মান অর্জনকারী তিনিই প্রথম ভারতীয় পদার্থবিদ।

এর আগে এই পদক পেয়েছেন স্টিফেন হকিং, পিটার হিগস এবং স্টিভেন ওয়াইনবার্গের মতো বিশ্বখ্যাত বিজ্ঞানীরা। ফলে বাংলার এই বিজ্ঞানীর মুকুটে যোগ হলো আন্তর্জাতিক স্তরের এক অত্যন্ত গৌরবোজ্জ্বল অধ্যায়।

কে এই অশোক সেন?

দেশের শীর্ষস্থানীয় তাত্ত্বিক পদার্থবিদ অশোক সেনের শিক্ষাজীবন শুরু হয়েছিল কলকাতার বিখ্যাত প্রেসিডেন্সি কলেজ এবং আইআইটি কানপুরে। পরবর্তীতে আমেরিকার স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করে ১৯৮৮ সালে স্বদেশে ফিরে আসেন তিনি। বর্তমানে তিনি বেঙ্গালুরুর ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিয়োরেটিক্যাল সায়েন্সেসে ইনফোসিস-মাধব চেয়ার অধ্যাপক হিসেবে কর্মরত। তাঁর ‘স্ট্রিং থিয়োরি’ (String Theory) সংক্রান্ত গবেষণা গোটা বিশ্বে বিজ্ঞান মহলে এক বিরাট আলোড়ন ফেলে দিয়েছে।

স্ট্রিং থিয়োরি ও ব্ল্যাক হোল রহস্য সমাধানে বিপ্লব

সহজ কথায় স্ট্রিং থিয়োরি হলো মহাবিশ্বের মৌলিক গঠনকে বোঝার চাবিকাঠি। আমাদের চর্তুপাশের সবকিছুই অতি ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। এই তত্ত্ব বলছে, কণাগুলির ভিতরের আসল গঠন বিন্দুর মতো নয়, বরং অতি সূক্ষ্ম সুতো বা গিটারের তারের মতো। সেই তারের কম্পন বা সুরের মাধ্যমেই বিভিন্ন কণার মূল বৈশিষ্ট্য নির্ধারিত হয়। মহাকর্ষ এবং কোয়ান্টাম জগতের জটিল নিয়মগুলোকে মেলাতেই এই তত্ত্ব ব্যবহৃত হয়।

অশোক সেনের বৈপ্লবিক অবদান রয়েছে মূলত দুটি ক্ষেত্রে:

  • ‘এস-ডুয়ালিটি’ (S-Duality): নব্বইয়ের দশকে স্ট্রিং থিয়োরির নানা রূপের মধ্যে যোগসূত্র স্থাপন করেন তিনি। দেখান কীভাবে জটিল বা প্রবল বলের হিসাব অন্য তত্ত্বের মাধ্যমে সহজ করা সম্ভব।

  • ব্ল্যাক হোল গবেষণা: ব্ল্যাক হোলের প্রবল মহাকর্ষের ভেতরকার অবস্থা বা ‘এনট্রপি’ নিখুঁতভাবে গুনে দেখানোর পদ্ধতি আবিষ্কার করেন তিনি। এর ফলে ব্ল্যাক হোলের ভিতরের জগৎ বোঝার পথ এক নতুন মাত্রা পেয়েছে।

স্ট্রিং থিয়োরি এখনও চূড়ান্তভাবে পরীক্ষামূলক প্রমাণ না পেলেও মহাবিশ্বের মৌলিক নিয়ম বুঝতে এই গবেষণার গুরুত্ব অপরিসীম। বহু বছরের এই সাধনা ও যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতি হিসেবেই অস্কার ক্লেন পদক পেলেন অশোক সেন, যা গোটা দেশের কাছেই এক গর্বের মুহূর্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *