অখিলেশের ৪০ হাজারের টক্করে যোগীর ৫০ হাজার টাকার মাস্টারস্ট্রোক! উত্তরপ্রদেশ নির্বাচনে বড় চমক বিজেপির

উত্তরপ্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন আসতেই এখনও কিছুটা সময় বাকি। তবে তার আগেই রাজ্যের অর্ধেক আকাশ অর্থাৎ মহিলা ভোটারদের মন জয় করতে এখন থেকেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে শাসক দল বিজেপি এবং প্রধান বিরোধী সমাজবাদী পার্টি (SP)। মহিলাদের সরাসরি আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি ঘিরে দুই শিবিরের মধ্যে শুরু হয়ে গিয়েছে এক প্রকার জোরদার রাজনৈতিক লড়াই। সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব ক্ষমতায় এলে মহিলাদের বার্ষিক ৪০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করার পর, এবার তার থেকেও বড় চাল দিয়ে যোগী আদিত্যনাথের সরকার আনতে চলেছে বছরে ৫০ হাজার টাকার আকর্ষণীয় আর্থিক প্যাকেজ!
বিজেপির সম্ভাব্য ৫০ হাজার টাকার মেগা প্যাকেজ:
রাজনৈতিক মহলের জল্পনা ও সূত্রের খবর অনুযায়ী, উত্তরপ্রদেশ সরকারের এই নতুন প্রস্তাবিত প্রকল্পের আওতায় মহিলাদের প্রথমে একলপ্তে ২০ হাজার টাকা এবং পরবর্তীতে তিনটি আলাদা কিস্তিতে আরও ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতে পারে। তবে এই প্রকল্পের চূড়ান্ত রূপরেখা এবং কারা এর সুবিধা পাবেন, সেই যোগ্যতার মাপকাঠি এখনও চূড়ান্ত হয়নি।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার, নিম্ন আয়ের মানুষ এবং তফসিলি জাতি ও উপজাতির (SC/ST) মহিলারা এই সুবিধার অগ্রাধিকার পাবেন। এছাড়া যেসব পরিবারের বার্ষিক আয় ৮ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে, তাঁদেরও এই প্রকল্পের আওতায় বিবেচনা করা হতে পারে বলে খবর।
অখিলেশের ‘স্ত্রী সম্মান সমৃদ্ধি যোজনা’ ও তোপ:
মহিলা ভোটারদের নিজের দিকে টানতে এর আগে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ঘোষণা করেছিলেন যে, ২০২৭ সালে এসপি ক্ষমতায় এলে ‘স্ত্রী সম্মান সমৃদ্ধি যোজনা’-র আওতায় রাজ্যের মহিলাদের বছরে ৪০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। শুধু তাই নয়, প্রতি বছর এই সহায়তার পরিমাণ বাড়ানোরও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বিজেপির সম্ভাব্য এই ৫০ হাজার টাকার প্যাকেজ নিয়ে ইতিমধ্যেই গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করেছেন অখিলেশ। তাঁর অভিযোগ, এতদিন রাজ্যে ক্ষমতায় থাকার পরেও বিজেপি সরকারের মহিলাদের কথা মনে পড়েনি। এখন ঠিক নির্বাচনের আগে ভোট কুড়ানোর ফন্দি হিসেবেই এমন বড় বড় প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটানো হচ্ছে। অন্য রাজ্যে এই ধরনের প্রকল্পের বাস্তব রূপায়ণ নিয়ে প্রশ্ন তুলেও বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি।
উত্তরপ্রদেশ নির্বাচনে মহিলা ভোটব্যাঙ্কের সমীকরণ:
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে নারী ভোটাররাই হতে চলেছেন মূল ‘গেমচেঞ্জার’। নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, বর্তমানে রাজ্যে মোট ভোটারের সংখ্যা প্রায় ১৩.৩৯ কোটি। যার মধ্যে মহিলা ভোটারের সংখ্যাই প্রায় ৬.০৯ কোটি! অর্থাৎ, মোট ভোটারের নিরিখে প্রায় ৪৫.৪৬ শতাংশই হলেন নারী। আর এই বিশাল সংখ্যক মহিলা ভোটারকে নিজেদের বাক্সে টানতেই রাজনৈতিক দলগুলি এখন কোটি কোটি টাকার আর্থিক প্রতিশ্রুতির মারপ্যাঁচে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে।