কৃষকদের লটারি! বছরে ৬ নয়, এবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে ৯,০০০ টাকা—মুখ্যমন্ত্রীর মেগা ঘোষণা!

বাংলার কৃষক পরিবারের জন্য এক অত্যন্ত আনন্দদায়ক খবর নিয়ে এলো রাজ্য সরকার। এবার থেকে রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা বাড়াতে এক মাস্টারস্ট্রোক পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার হুগলির পুরশুড়া থেকে আনুষ্ঠানিকভাবে ‘মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি’ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের এই ঘোষণার ফলে এক ধাক্কায় রাজ্যের প্রায় ৪৬ লক্ষ ৪৬ হাজারেরও বেশি কৃষক সরাসরি উপকৃত হতে চলেছেন।
কৃষি সূত্র
৬ হাজার নয়, এবার বছরে অ্যাকাউন্টে আসবে ৯ হাজার টাকা!
সাধারণত কেন্দ্রীয় সরকারের ‘পিএম কিষান সম্মান নিধি’ (PM-Kisan) প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি কৃষক বছরে তিনটি কিস্তিতে ২,০০০ টাকা করে মোট ৬,০০০ টাকা পান। তবে এবার থেকে বাংলায় পিএম কিষান প্রকল্পের আওতাভুক্ত কৃষকদের জন্য অতিরিক্ত আরও ৩,০০০ টাকা অর্থ সাহায্যের ঘোষণা করেছে রাজ্য। ফলে বছরে কৃষকদের প্রাপ্ত মোট সহায়তার অঙ্ক ৬ হাজার থেকে বেড়ে দাঁড়াবে একলপ্তে ৯ হাজার টাকায়!
টাকা কীভাবে ও কটি কিস্তিতে দেওয়া হবে?
রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, ‘মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি’ প্রকল্পের আওতায় বছরে ১,০০০ টাকা করে মোট ৩টি কিস্তিতে ৩,০০০ টাকা প্রদান করা হবে।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানান যে, কৃষকরা ইতিমধ্যেই পিএম কিষান প্রকল্পের ২৩ ও ২৪তম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন। তাই রাজ্য সরকারের পক্ষ থেকে এবার একসঙ্গে দু’টি কিস্তির টাকা অর্থাৎ ২,০০০ টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার (DBT) করার প্রক্রিয়া শুরু হচ্ছে। পরবর্তী সময়ে কেন্দ্রের তরফ থেকে পিএম কিষানের পরবর্তী কিস্তি প্রদান করা হলে, রাজ্যও নিজেদের ঝুলিতে থাকা বাকি ১,০০০ টাকার শেষ কিস্তিটি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে।
চাষবাসের আনুষঙ্গিক খরচ সামলাতে ও উৎসবের আবহে এই অতিরিক্ত অর্থ রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষকদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রামীণ অর্থনীতিকে আরও চাঙ্গা করবে বলেই মনে করা হচ্ছে। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর এই বার্তায় স্বভাবতই খুশির হাওয়া বাংলার কৃষক সমাজে।