শীতে রঙবেরঙের ফুলে ভরিয়ে তুলুন বারান্দা-ছাদ! চারা গাছ কেনার আগে দেখে নিন এই ৫টি গোপন ট্রিকস

শীতের আমেজ শুরু হতেই গাছপ্রেমীদের বাগান সাজানোর তোড়জোড় শুরু হয়ে যায়। এই মরশুমে ছাদ কিংবা বারান্দার টবে একটু যত্ন নিলেই ভরপুর শীতে মেলে নানা রঙের ফুল ও ফল। তবে বহু মানুষের ক্ষেত্রেই দেখা যায়, নার্সারি থেকে সতেজ চারা গাছ কিনে আনার দু-একদিনের মধ্যেই তা মরে যায়। আবার অনেক সময় গাছ বেঁচে বাড়লেও তাতে কাঙ্ক্ষিত ফুল বা ফলের দেখা মেলে না।

নার্সারির থোকা থোকা ফুল ভরা গাছের সৌন্দর্য দেখে প্রলুব্ধ না হয়ে কিছু জরুরি দিক পরীক্ষা করে নেওয়া প্রয়োজন। শীতের চারা গাছ কেনার সময় যে ৫টি সাধারণ ভুল এড়িয়ে চলা জরুরি, তা নিচে আলোচনা করা হলো:

১. পাতার সতেজতা পরীক্ষা করুন:

চারা গাছ কেনার সময় প্রথমেই নজর দিন তার পাতা ও ডালপালার দিকে। পাতাগুলি সবুজ ও সতেজ রয়েছে কিনা তা ভালোভাবে দেখে নেওয়া উচিত। যদি পাতা নেতিয়ে পড়ে বা শুকনো দেখায়, তবে সেই গাছ এড়িয়ে চলাই ভালো।

২. গাছের গোড়ার মাটি ও শিকড় দেখুন:

চারার আসল স্বাস্থ্য লুকিয়ে থাকে তার গোড়াতে। টব বা পলিব্যাগের মাটি যদি গাছের গোড়াকে শক্ত করে আঁকড়ে ধরে রাখে এবং শিকড় মাটির সঙ্গে ভালোভাবে বিস্তৃত থাকে, তবে বুঝতে হবে গাছটি সুস্থ ও পুষ্ট।

৩. পুরনো নাকি সদ্য বসানো চারা?

অনেক সময় নার্সারিতে সদ্য কাটিং করে বসানো চারাকে পুরনো ও স্থায়ী চারা বলে বিক্রি করা হয়। চারা গাছের ডাল আলতো করে ধরে হালকা নাড়িয়ে পরীক্ষা করুন। গোড়ার মাটি শক্ত ও স্থির থাকলে সেটি পুরনো গাছ। কিন্তু মাটি সহজে আলগা হয়ে গেলে বুঝতে হবে তা সম্প্রতি টবে বসানো হয়েছে, যা বাড়িতে এনে রোপণ করলে মারা যাওয়ার ঝুঁকি থাকে।

৪. চারার উপযুক্ত উচ্চতা ও বয়স জেনে নিন:

চারা কেনার সময় তার উচ্চতা যাচাই করা অত্যন্ত প্রয়োজন। সাধারণত দুই থেকে তিন ফুট উচ্চতার চারা টবে বা মাটিতে সহজেই মানিয়ে নিতে পারে। কেনার আগে বিক্রেতার কাছ থেকে গাছের সঠিক বয়স এবং কোন ধরনের মাটিতে গাছটি ভালো বাড়ে, তা স্পষ্ট জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ।

৫. শুধু ফুল দেখে গাছ নির্বাচন করবেন না:

নার্সারিতে গাছে ধরে থাকা রঙিন ফুল দেখে অনেকেই হুটহাট কিনে ফেলেন। তবে সেই গাছ বাড়িতে নিয়ে এলে পরিবেশের পরিবর্তনের কারণে অনেক সময় দ্রুত ফুল ঝরে যায়। তাই শুধু বিকশিত ফুল না দেখে, গাছে নতুন কুঁড়ি রয়েছে কিনা এবং পাতা, ডালপালা ও গোড়ার সামগ্রিক অবস্থা ভালো আছে কিনা—সব দেখে নিয়ে তবেই কেনার সিদ্ধান্ত নিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *