শীতের আমেজে বড় ধাক্কা! কালীপুজো কাটতেই ফের দুর্যোগের মেঘ, কোন কোন জেলায় নামবে বৃষ্টি?

ভোরের দিকে হালকা শীতের আমেজ আর পারদ পতনে জাঁকিয়ে শীত পড়ার অপেক্ষা শুরু হয়েছিল শহরবাসীর মনে। কিন্তু তার মাঝেই আলিপুর আবহাওয়া দফতরের নতুন বুলেটিন কিছুটা অস্বস্তি বাড়াল। কালীপুজো ও দীপাবলির আনন্দ মিটতেই রাজ্যজুড়ে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: কবে কোথায় বৃষ্টি? আবহাওয়া দফতর সূত্রে খবর, কালীপুজোর দিন অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের আকাশ মূলত শুষ্ক থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে পুজোর রেশ কাটতেই সোমবার থেকে আবহাওয়ায় বড় পরিবর্তন দেখা যাবে।
-
১০ নভেম্বর (সোমবার): উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
-
১১ নভেম্বর (মঙ্গলবার): উপকূলীয় জেলাগুলি তথা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ ও সিকিম সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিমি উচ্চতায় থাকা ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তটি বর্তমানে দুর্বল হয়ে পড়েছে। তবে এর বাইরে স্থলভাগে আপাতত বড় কোনো আবহাওয়া সংক্রান্ত সিস্টেম সক্রিয় নেই।
কলকাতার আবহাওয়া ও তাপমাত্রার পারদ শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কমে ২১.২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে, যা এই সময়ের স্বাভাবিক তাপমাত্রা। অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম)। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৬ শতাংশ পর্যন্ত রয়েছে।
আলিপুর জানিয়েছে, আগামী ৯ নভেম্বর পর্যন্ত কলকাতায় আবহাওয়া শুষ্ক ও মনোরম থাকবে। তবে এরপর অর্থাৎ ১০ ও ১১ নভেম্বর শহরে হালকা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? শনিবার থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে আপাতত বৃষ্টির কোনো সতর্কতা নেই এবং এখানকার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে সোমবার থেকে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।