‘আমি তোমাকে ভালোবাসি!’- এবার বিগ বসে ‘প্রোপোজ’ জিতুর, হাঁ হাঁ করে উঠলেন সৃজলা

রাজবীর ও নন্দিনীর পর ‘বিগ বস বাংলা’-র ঘরে আবারও প্রেমে নতুন রঙ! তবে এবার আর টিনেজ প্রেম নয়, টেলিপাড়ার জনপ্রিয় মুখ জিতু কমল ও সৃজলা গুহর পরিপক্ক সমীকরণ ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। মান-অভিমান, গভীর রাত পর্যন্ত একান্তে কথা বলা আর চোখের চাহনি— গত কয়েক দিন ধরেই দু’জনের বডি ল্যাঙ্গুয়েজ ইঙ্গিত দিচ্ছিল যে জল বহুদূর গড়িয়েছে। অবশেষে সমস্ত জল্পনায় সিলমোহর দিয়ে শুক্রবারের পর্বে সৃজলাকে সোজাসুজি নিজের মনের কথা জানিয়ে দিলেন জিতু।

মাইক চেপে অভিনব কায়দায় প্রোপোজ শুক্রবার ‘বিগ বস’-এর পর্বে দেখা গেল এক ড্রামাটিক দৃশ্য। হাত দিয়ে মাইক ঢেকে অত্যন্ত গোপন ও অভিনব কায়দায় সৃজলাকে প্রোপোজ করেন জিতু কমল। অনস্ক্রিন আকাশ-বাতাসকে সাক্ষী রেখে অভিনেতা স্পষ্ট ভাষায় বলেন, “এই আকাশ, এই বাতাস, এই পাখি, এই নদী— সবাইকে সাক্ষী রেখে বলছি, আমি তোমাকে ভালোবাসি।”

জিতুর মুখে এমন আকস্মিক ও খোলামেলা স্বীকারোক্তি শুনে অন ক্যামেরা কিছুটা অস্বস্তিতে পড়ে যান সৃজলা। ঘাবড়ে গিয়ে অভিনেত্রীকে বলতে শোনা যায়, “এটা করো না জিতু।” তবে জিতুও ছেড়ে দেওয়ার পাত্র নন! তিনি সাফ জানিয়ে দেন, এই ভালোবাসার কথা তিনি বারবার বলবেন, চিৎকার করে বলবেন এবং বিগ বসের বাড়ি থেকে বের হওয়ার পরও বলবেন।

তবে জিতুর এই প্রস্তাবে সৃজলা শেষ পর্যন্ত সাড়া দিলেন কি না, তা নিয়ে ধোঁয়াশা বজায় রয়েছে। ইশারায় তিনি ঠিক কী বলতে চেয়েছেন, তা স্পষ্ট বোঝা যায়নি। কিন্তু তাঁদের সম্পর্কের মধ্যে যে নতুন কিছু একটা পাকা শুরু হয়েছে, তা নিয়ে দর্শক মহলে বিন্দুমাত্র সন্দেহ নেই।

কী প্রতিক্রিয়া প্রাক্তন স্ত্রী নবনীতার? উল্লেখ্য, অভিনেত্রী নবনীতা দাসের সঙ্গে দীর্ঘ চার বছরের বিবাহিত জীবনের ইতি টানার পর থেকে সিঙ্গেলই ছিলেন জিতু। যদিও বিচ্ছেদের পরেও প্রাক্তনের সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। বিগ বসের ঘরে জিতু ও সৃজলার এই প্রকাশ্য প্রেমচর্চা নিয়ে নবনীতার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, কাজের চাপে সম্প্রতি বিগ বস দেখার সুযোগ তিনি পাননি। নিজের নতুন বাড়ির ইন্টেরিয়র ও রিনোভেশনের কাজ নিয়ে ব্যস্ত থাকায় ভেতরের এই সমস্ত সমীকরণ সম্পর্কে তিনি অবগত নন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *