বায়োপিক বিতর্কে বড় মোড়! ছবি প্রদর্শন বন্ধের আর্জি খারিজ হলেও নির্মাতাদের ওপর ২ কোটির শর্ত চাপাল হাইকোর্ট

প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘনের মামলার শুনানিতে ছবি মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করল না দিল্লি হাইকোর্ট। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে না-দেওয়ার যে আবেদন মহারাজ করেছিলেন, তা খারিজ করে দিয়েছে আদালত। তবে একই সঙ্গে নির্মাতাদের দু’কোটি টাকার নিঃশর্ত ব্যাঙ্ক গ্যারান্টি জমা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি তেজস কারিয়ার পর্যবেক্ষণ অনুযায়ী, প্রাক্তন ভারত অধিনায়কের ব্যক্তিত্বের অধিকার এবং তাঁকে বাণিজ্যিক স্বার্থে ব্যবহারের অধিকার ছবিটির সঙ্গে এতটাই ওপ্রোতোভাবে জড়িত যে, আপত্তিকর দৃশ্যগুলি ছবি থেকে ছেঁটে ফেলা আর সম্ভব নয়। ফলে অভিনয় দেও পরিচালিত এবং রমেশ দেও প্রোডাকশন প্রাইভেট লিমিটেড প্রযোজিত ‘দুসরা’ ছবিটির প্রেক্ষাগৃহে মুক্তি পেতে আর কোনো বাধা রইল না। ২০০২ সালে সৌরভের নেতৃত্বে ভারতের ঐতিহাসিক ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পটভূমিতে এই ছবি নির্মিত হয়েছে।

বার অ্যান্ড বেঞ্চের রিপোর্ট মোতাবেক, আদালত প্রযোজনা সংস্থাকে আগামী দুই সপ্তাহের মধ্যে দুই কোটির ব্যাঙ্ক গ্যারান্টি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি, ছবির শুরু এবং শেষে হিন্দি ও ইংরেজি উভয় ভাষাতেই বাধ্যতামূলকভাবে সতর্কবার্তা দিতে হবে যে, সৌরভের বিনা অনুমতিতেই এই ছবি তৈরি করা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালে লাভ ফিল্মসের সঙ্গে সৌরভের চুক্তি থাকায় এবং আগামী বছর মে মাসে তাঁর বায়োপিক আসার কথা থাকায়, এই আইনি লড়াই নিয়ে ক্রীড়া ও চলচ্চিত্র মহলে শুরু হয়েছে ব্যাপক চর্চা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *