‘রামায়ণ’-ই প্রথম নয়! চার বছর আগেই রণবীরকে নিয়ে জুয়া খেলেছিলেন প্রযোজক নমিত মালহোত্রা

মহাকাব্যিক ছবি ‘রামায়ণ’ নিয়ে এখন বলিপাড়ায় তুঙ্গ উত্তেজনা। নিতিশ তিওয়ারি পরিচালিত এই ছবিতে স্বয়ং শ্রীরামের ভূমিকায় দেখা যাবে বলিউড সুপারস্টার রণবীর কাপুরকে। সেই সঙ্গে সাই পল্লবী, যশ, রবি দুবেদের উপস্থিতি সিনেমাপ্রেমীদের কৌতুহল আরও বাড়িয়ে দিয়েছে। তবে ছবির কাস্টিংয়ের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে এর অকল্পনীয় বাজেট। ৪,০০০ কোটি টাকার এই বিশাল মেগা প্রজেক্টের পেছনে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি হলেন প্রযোজক নমিত মালহোত্রা।

তবে খুব কম মানুষই জানেন, হাজার কোটি টাকার ‘রামায়ণ’-ই রণবীর কাপুর এবং নমিত মালহোত্রার প্রথম কাজ নয়। ঠিক চার বছর আগে, অর্থাৎ ২০২২ সালে এই প্রযোজক-অভিনেতা জুটি ভারতীয় চলচ্চিত্রে এক অভূতপূর্ব পরিবর্তন আনার উদ্দেশ্যে একসঙ্গে হাত মিলিয়েছিলেন।

সেই প্রজেক্টটি ছিল অয়ন মুখার্জি পরিচালিত ফ্যান্টাসি-অ্যাকশন সিনেমা ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা’।

করণ জোহরের ধর্মা প্রোডাকশনসের ব্যানারে নির্মিত হলেও সেই ছবির নেপথ্যে প্রযোজক হিসেবে বড় ভূমিকা রেখেছিলেন নমিত মালহোত্রা। বলিউডে প্রযোজক হিসেবে এটাই ছিল তাঁর প্রথম কোনো বড় ঝুলির কাজ। রণবীরের পাশাপাশি ‘ব্রহ্মাস্ত্র’-তে ছিলেন আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনি রায় এবং একটি বিশেষ কেমিও চরিত্রে নজর কেরেছিলেন শাহরুখ খান।

বিশাল ভিএফএক্স ও গ্রাফিক্সের কারসাজি থাকা সত্ত্বেও ‘ব্রহ্মাস্ত্র’ বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি। প্রায় ৩৫০ কোটি টাকা খরচে তৈরি এই সিনেমাটি ভারতে ব্যবসা করেছিল মাত্র ২৬৭.২০ কোটি টাকার। যদিও বিশ্বজুড়ে এর মোট আয় দাঁড়িয়েছিল ৪৩১ কোটি টাকায়, তবুও বিশাল বাজেটের তুলানায় ছবিটি ‘গড়পড়তা’ তকমা পেয়েই সন্তুষ্ট থাকে।

সেই চার বছর পুরোনো অধ্যায় ভুলে রণবীর ও নমিত এখন ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল প্রজেক্ট ‘রামায়ণ’ নিয়ে প্রেক্ষাগৃহে ঝড় তুলতে প্রস্তুত। আরও একটি মজার তথ্য হলো, এবারও রণবীর-নমিতের এই রসায়নে যুক্ত রয়েছেন করণ জোহর। গোটা ভারতে ‘রামায়ণ’-এর ডিস্ট্রিবিউশন বা পরিবেশনার দায়িত্ব সামলাচ্ছেন তিনিই।

অতীতে ‘ব্রহ্মাস্ত্র’-র ব্যবসা গড়পড়তা হলেও, ৪,০০০ কোটি টাকার এই মহাকাব্যিক রূপায়ণ দিয়ে রণবীর এবং নমিতের এই যুগলবন্দি নতুন কোনো রেকর্ড গড়তে পারে কি না, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *