শ্বাসকষ্ট ও ফুসফুসে ব্যথার জেরে হাসপাতালে এনসিপি প্রধান! কেমন আছেন শরদ পাওয়ার?

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (শরদচন্দ্র পাওয়ার) বা NCP-র সুপ্রিমো শরদ পাওয়ারকে হঠাৎই পুনের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। শ্বাসযন্ত্রে সমস্যা এবং প্লিউরিটিক পেইন (ফুসফুসের আবরণে ব্যথা)-এর জেরে প্রবীণ এই নেতার বেশ কিছু জরুরি স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে। বর্তমানে তিনি চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন।

হাসপাতালের তরফে কী জানানো হয়েছে?

রুবি হল ক্লিনিকের চেয়ারম্যান, ম্যানেজিং ট্রাস্টি এবং প্রধান কার্ডিওলজিস্ট চিকিৎসক পারভেজ কে গ্রান্ট এক সরকারি বিবৃতিতে জানান, “প্লুরিটিক ব্যথার কারণে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসাগত পর্যবেক্ষণের জন্য শরদ পাওয়ারকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশা করা হচ্ছে যে দ্রুত তাঁর শারীরিক অবস্থার উন্নতি হবে। তবে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি আগামী কয়েকদিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।”

মেয়ে সুপ্রিয়া সুলের টুইট বার্তা

বাবার শারীরিক অসুস্থতার খবর সামনে আসার পরেই দেশবাসীর কাছে শুভকামনা জানিয়েছেন তাঁর কন্যা তথা সাংসদ সুপ্রিয়া সুলে। সামাজিক মাধ্যম ‘এক্স’-এ (টুইটার) তিনি লিখেছেন, “কাশিজনিত সমস্যার কারণে বাবাকে পুনের রুবি হল ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা চলছে এবং তাঁর সমস্ত হেলথ প্যারামিটার স্থিতিশীল রয়েছে। আপনাদের সকলের উদ্বেগ ও শুভকামনার জন্য ধন্যবাদ।”

বর্ষীয়ান এই নেতার হাসপাতালে ভরতি হওয়ার খবর চাউর হতেই রাজনৈতিক মহলে এবং তাঁর অনুগামীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে চিকিৎসকদের আশ্বাসে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দলীয় সমর্থকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *