দেড় লাখি ফোন নাকি ক্যামেরা রাজা? ২০০ MP জোড়া ক্যামেরা আর পিছনের ডিসপ্লে নিয়ে আসছে Xiaomi-র দুই ফ্ল্যাগশিপ

স্মার্টফোন দুনিয়ায় নতুন আলোড়ন তুলতে তৈরি চিনা টেক জায়ান্ট Xiaomi। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নিজেদের দুই নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন— Xiaomi 18 Pro এবং Xiaomi 18 Pro Max-এর গ্লোবাল লঞ্চের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল সংস্থাটি।
কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের নভেম্বর মাসেই আন্তর্জাতিক বাজারে পা রাখবে এই দুই প্রিমিয়াম ফোন। যদিও লঞ্চের নিখুঁত তারিখ এবং কোন কোন দেশে এটি প্রথম পাওয়া যাবে, তা এখনও পর্যন্ত গোপনে রাখা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে চিনে প্রথম আত্মপ্রকাশ করেছিল ফোন দুটি। সেখানে কোয়ালকমের একদম নতুন এবং শক্তিশালী ‘Snapdragon 8 Elite Gen 6’ সিরিজের প্রসেসর ব্যবহার করা হয়েছিল। আশার কথা হলো, আন্তর্জাতিক ভ্যারিয়েন্টেও একই প্রসেসর বজায় রাখছে কোম্পানি। এর মধ্যেই ‘ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস’ (IMC) ২০২৬-এ Xiaomi 18 Pro প্রদর্শন করে ভারতে ফোনটি আনার স্পষ্ট ইঙ্গিত দিয়ে রেখেছে সংস্থা। ফলে গ্লোবাল লঞ্চের পরপরই ভারতীয় বাজারেও এটি আছড়ে পড়বে বলে আশা করা হচ্ছে।
চমকে দেওয়ার মতো দাম!
অফিসিয়াল লঞ্চের আগেই ইতালি-র জনপ্রিয় অনলাইন রিটেইলার ওয়েবসাইট ‘Epto’-তে ভুলবশত ফোন দুটির দাম ফাঁস হয়ে যায়।
ওয়েবসাইটের লিস্টিং অনুযায়ী:
-
Xiaomi 18 Pro (12GB RAM + 256GB Storage): ১,৩৯৮.৯০ ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ১.৫০ লাখ টাকা)।
-
Xiaomi 18 Pro (12GB RAM + 512GB Storage): ১,৫৯১.৯০ ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ১.৬৯ লাখ টাকা)।
-
Xiaomi 18 Pro Max (12GB RAM + 512GB Storage): ১,৭৮৩.৯০ ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ১.৮৯ লাখ টাকা)।
তবে এই দাম রিটেইলার লিস্টিংয়ের ওপর ভিত্তি করে প্রাপ্ত। শাওমির পক্ষ থেকে চূড়ান্ত দামের অফিশিয়াল ঘোষণা এখনও বাকি।
Xiaomi 18 Pro: নজরকাড়া ডিসপ্লে ও ব্যাটারি ব্যাকআপ
Xiaomi 18 Pro মডেলে রয়েছে ৬.৪ ইঞ্চির প্রাথমিক AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন ১,১২০ x ২,৪৩৬ পিক্সেল এবং রিফ্রেশ রেট 120Hz। ডিসপ্লেতে মিলবে সর্বোচ্চ ৪,০০০ নিটস ব্রাইটনেস। তবে আসল চমক লুকিয়ে রয়েছে পেছনে— ফোনের ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে একটি ২.৭ ইঞ্চির দ্বিতীয় AMOLED স্ক্রিন।
Android 17 ভিত্তিক HyperOS 4-এ চলা এই ফোনে রয়েছে Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১ টিবি পর্যন্ত বিশাল স্টোরেজ।
ফোটোগ্রাফির জন্য পেছনে সাজানো রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ:
-
২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা
-
২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স
-
৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা
ফোনটিতে রয়েছে ৭,০০০mAh-এর শক্তিশালী ব্যাটারি, যা ১০০ ওয়াট ওয়ারার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Xiaomi 18 Pro Max: পাওয়ার প্যাকড পারফর্ম্যান্স
সিরিজের শীর্ষ মডেল Xiaomi 18 Pro Max-এ রয়েছে ৬.৯ ইঞ্চির বিশাল AMOLED ডিসপ্লে (রেজোলিউশন ১,২০৮ x ২,৬২৪ পিক্সেল) এবং পেছনের অংশে একটি ২.৯ ইঞ্চির সেকেন্ডারি ডিসপ্লে।
গতির দিক থেকে এই মডেলকে আরও এক ধাপ এগিয়ে রাখতে দেওয়া হয়েছে Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর। ক্যামেরা সেটআপ সম্পূর্ণ Pro মডেলের মতোই দুর্দান্ত— দুটি ২০০ MP ক্যামেরা ও একটি ৫০ MP আল্ট্রাওয়াইড লেন্স।
তবে ব্যাটারির দিক থেকে Pro Max টেক্কা দিয়েছে সব প্রতিদ্বন্দ্বীকে। দীর্ঘ ব্যবহারের জন্য এতে যোগ করা হয়েছে ৮,৫০০mAh-এর এক দানবীয় ব্যাটারি। সঙ্গে থাকছে ১০০ ওয়াট তারযুক্ত এবং ৫০ ওয়াট তারবিহীন ফাস্ট চার্জিংয়ের সুবিধা।