‘বাংলা লুঠের বদলে বাঁচাব গণতন্ত্র!’ রামলীলা ময়দানে বিজেপির বিরুদ্ধে জীবন পণ করার হুংকার তৃণমূল নেত্রীর

রাজধানী দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে বিরোধী ‘ইন্ডিয়া’ (INDIA) শিবিরের মেগা মঞ্চে হাজির হয়ে কেন্দ্র সরকার ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের ঐতিহাসিক এই জমায়েতে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, বিশেষ প্রক্রিয়ার দোহাই দিয়ে এক কোটিরও বেশি ভোটারের অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং নির্বাচনের গণনাকে উধাও করে দেওয়া হয়েছে।

‘এসআইআর’ মানে বিজেপির ‘স্পেশাল ইন্টেনসিভ রিলিফ’

সমাবেশের শুরুতেই উপস্থিত অন্যান্য বিরোধী দলীয় প্রধান, জেন জি (Gen Z), তরুণ সমাজ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সংহতির জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করেন তিনি। ভোটার তালিকায় ‘বিশেষ নিবিড় সংশোধন’ (SIR) প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া জানিয়ে মমতা বলেন, “SIR-এর আসল অর্থ কী জানেন? ওটা আসলে স্পেশাল ইন্টেনসিভ রিলিফ, বিজেপির মতো একটা রাজনৈতিক দলের জন্য। ওরা ইভিএম, গণতন্ত্র, সংবিধান এবং মানুষের মৌলিক অধিকার লুঠ করেছে।”

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাসরি ‘ভ্যানিশ কুমার’ কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভ্যানিশ কুমারজি, আপনি শুধু সাধারণ মানুষের ভোট ভ্যানিশ করেননি, পুরো ভোট গণনার প্রক্রিয়াকেই উধাও করে দিয়েছেন! কেন্দ্রীয়ভাবে হাইজ্যাক করে বাংলার ১ কোটিরও বেশি মানুষের নাম কেটে দেওয়া হয়েছে।” তিনি আরও প্রশ্ন তোলেন, “ভ্যানিশ কুমারজি, আপনি নিজে কবে ভ্যানিশ হবেন?”

“আমরা নিজেদের জীবন দেব, তাও হার মানব না”

তৃণমূল সুপ্রিমো আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেন যে, বিধানসভা ও লোকসভায় দল হারেনি, বরং চক্রান্ত করে হারানো হয়েছে। রাজনৈতিক ও গণতান্ত্রিক পথেই এর বদলা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, “ওরা বাংলাকে লুঠ করেছে। কিন্তু আমরা লড়াই থামাব না। প্রয়োজনে নিজেদের জীবন দিয়ে দেব, তবুও গণতন্ত্র রক্ষায় পিছপা হব না। এবার আমাদের একটাই স্লোগান—’Save India, Save Democracy’ এবং ‘বিজেপি হটাও’!”

একইসঙ্গে রাম জন্মভূমি, মন্দির, মসজিদ ও ওয়াকফ সম্পত্তির টাকা লুঠের অভিযোগে কেন্দ্রকে নিশানা করার পাশাপাশি নিরপেক্ষভাবে কাজ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, পুলিশ, সংবাদমাধ্যম ও বিচারব্যবস্থার প্রতি বিশেষ আবেদন জানান তিনি।

‘উনি যা ইচ্ছা বলুন, আমরা ভয় পাই না’: পাল্টা বিজেপি

দিল্লির মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অল-আউট আক্রমণের পরই পাল্টা তীব্র তোপ দেগেছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির মুখপাত্র তথা সাংসদ সম্বিত পাত্র কড়া মেজাজে জবাব দিয়ে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাফের বলুন বা ভীতু বলুন, কিংবা উনি যা ইচ্ছা বলতে পারেন। তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা অত্যন্ত সাহসী এবং দেশের জন্য সবকিছু করতে পারি। এই ধরনের অহেতুক আওয়াজে আমরা ভয় পাওয়ার পাত্র নই।”

দিল্লি থেকে শুরু হওয়া এই রাজনৈতিক আক্রমণ এবং তার জবাবে জাতীয় ও রাজ্য রাজনীতি যে আরও উত্তপ্ত হতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *