“রাত ১১টা থেকে ভোর ৫টা”-চলন্ত ট্রেনে চিরতরে বন্ধ হচ্ছে এই সুবিধা! না মানলেই বড় বিপদ,

রাতের ট্রেনে সফর করার কথা ভাবছেন? তাহলে অবশ্যই জেনে নিন ভারতীয় রেলের এই নতুন নিয়ম। ট্রেনে যাত্রা করার সময় মোবাইল ফোন বা পাওয়ার ব্যাঙ্ক চার্জ দেওয়া নিয়ে বড় নির্দেশ জারি করেছে রেলওয়ে বোর্ড। এখন থেকে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলন্ত ট্রেনের কামরায় মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট চার্জ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ বা BAN করা হয়েছে।
নিরাপত্তার স্বার্থেই এই বড় পদক্ষেপ
রেল সূত্রের খবর, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি দক্ষিণ-পূর্ব রেলের একটি ট্রেনে চার্জিং পয়েন্টে চার্জ দেওয়ার সময় এক যাত্রীর পাওয়ার ব্যাঙ্ক আচমকা বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ভরে যায় পুরো কামরা। এই ধরনের দুর্ঘটনা এড়াতে ও সম্ভাব্য অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে রেলওয়ে প্রশাসন এই পদক্ষেপ করছে। উল্লেখ্য, ২০১৪ সালের ১৯ জুনও এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছিল, যা এবার আরও কড়াকড়িভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হল।
অনবোর্ড কর্মীদের কঠোর নির্দেশ ও সারপ্রাইজ ভিজিট
নতুন নিয়ম অনুযায়ী, রাত্রে ট্রেনে দায়িত্বপ্রাপ্ত রেল কর্মীরাই রাত ঠিক ১১টায় প্রতিটি কোচের সমস্ত চার্জার সকেটের মূল সুইচ বন্ধ করে দেবেন। ভোর ৫টার আগে সেই সকেটগুলিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে না। এই নিয়মের ক্ষেত্রে কোনও ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মচারীদের এ বিষয়ে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার কথা বলেছে রেলবোর্ড। নিয়ম সঠিকভাবে পালন করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে অফিসার ও সুপারভাইজারদের হঠাৎ বা সারপ্রাইজ ভিজিট (Surprise Visit) করার নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে ইতিমধ্যেই সমস্ত জোনাল রেলওয়ের প্রিন্সিপাল চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের চিঠি পাঠানো হয়েছে।
রেলের তরফ থেকে যাত্রীদের কাছে বিশেষ অনুরোধ
রেলের পক্ষ থেকে যাত্রীদের প্রতি বিশেষ আবেদন জানানো হয়েছে, যেন তাঁরা সফর শুরু করার আগেই নিজের মোবাইল ফোন ও পাওয়ার ব্যাঙ্ক পূর্ণ চার্জ দিয়ে তবেই ট্রেনে ওঠেন। রাতের বেলা চার্জিং পয়েন্টের উপর ভরসা না করে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ভারতীয় রেল।