সস্ত্রীক জিৎ থেকে অঙ্কুশ-ঐন্দ্রিলা! প্রসেনজিতের বাড়িতে হঠাৎ কেন তারকার মেলা?

টলিপাড়ার তারকাদের অন্দরমহলে উৎসবের আমেজ। অন্যান্য তারকাদের মতো ঢাকে কাঠি পড়ার আগেই মহা ধুমধামে কোজাগরী লক্ষ্মীপুজো হয়ে গেল টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়ি ‘উৎসব’-এ। সারা বছর কাজের সূত্রে মুম্বই বা শহরের বাইরে থাকলেও, বছরের এই বিশেষ দিনটিতে সমস্ত ব্যস্ততা ভুলে ঠিক বাড়ি ফিরে আসেন প্রসেনজিৎ-পত্নী অর্পিতা চট্টোপাধ্যায়। এই বছরও তার কোনো ব্যতিক্রম হয়নি।
চাঁদের হাট প্রসেনজিতের ‘উৎসব’-এ
প্রসেনজিতের বাড়ির এই পুজো মানেই টলিপাড়ার তারকাদের চাঁদের হাট। এবছরও বুম্বাদার বাড়ির লক্ষ্মীপুজোয় সস্ত্রীক হাজির হয়েছিলেন সুপারস্টার জিৎ, অঙ্কুশ-ঐন্দ্রিলা, শুভাশিস মুখোপাধ্যায়, সুদেষ্ণা রায়-সহ ইন্ডাস্ট্রির বহু চেনা মুখ। এদিন অফ হোয়াইট রঙের পাঞ্জাবিতে নজর কেড়েছেন খোদ প্রসেনজিৎ। পেঁয়াজি রঙের শাড়িতে চিরহরিৎ লুকে ধরা দিয়েছেন অর্পিতা। আর লাল পাঞ্জাবিতে হাজির ছিল প্রসেনজিৎ-পুত্রও। এমনকি, এই তারকাখচিত পারিবারিক ফ্রেমে বাদ যায়নি বুম্বাদার প্রিয় পোষ্যটিও!
নিজের হাতে ভোগ রান্না করেন অর্পিতা
ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায়, প্রসেনজিতের বাড়ির লক্ষ্মীপুজোর একটি বিশেষ আকর্ষণ অর্পিতা চট্টোপাধ্যায়ের হাতের রান্না। কোজাগরী পূর্ণিমার দিন মায়ের ভোগ নিজের হাতে রান্না করেন তিনি। অন্যদিকে, হাত গুটিয়ে বসে থাকেন না ‘ইন্ডাস্ট্রি’ নিজেও; পুজোর নানা আয়োজনে তিনিও সমানভাবে হাত লাগান। প্রতি বছরের মতো এবারও লক্ষ্মীপুজোর পাশাপাশি নিষ্ঠা সহকারে সত্যনারায়ণের পুজোও সম্পন্ন হয়েছে। আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠ তারকাদের নিয়ে জমে ওঠা এই পুজোর ছবি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।