স্ত্রীর চরম দুর্দিনে কীভাবে আগলে রাখেন বিজয়? বিয়ের পরই সব ফাঁস করলেন রশ্মিকা!

বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত জুটি বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা। বিয়ের পর থেকেই তাঁদের প্রতিটা আপডেট পাওয়ার জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামী বিজয়কে নিয়ে এক্কেবারে খোলামেলা কথা বললেন রশ্মিকা। জানালেন, মাসের ওই বিশেষ কটা দিন স্ত্রীকে ঠিক কতটা চোখে চোখে রাখেন অভিনেতা।
রশ্মিকা জানান, তাঁদের বাড়িতে পিরিয়ডস বা ঋতুস্রাবের মতো বিষয় নিয়ে কোনো রাখঢাক বা সংকোচ নেই। বরং বিশেষ ওই দিনগুলোতে কিছু না বললেও রশ্মিকার মনের অবস্থা এক নিমেষে বুঝে যান বিজয়। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “ও বোঝে, জানে আমি কোথা থেকে আসছি এবং এই সময়টা কেমন অনুভব করছি। আমি এমনিতে খুবই খোলামেলা স্বভাবের। যখনই বুঝতে পারি আমার মন খারাপ হচ্ছে বা পিরিয়ডস শুরু হতে চলেছে, আমি নিজেই বিজয়কে আগে থেকে আভাস দিয়ে রাখি। বলি, আমার সঙ্গে থেকো।”
এর পরেই বিজয় দেবেরাকোন্ডার ভালোবাসার কথা বলতে গিয়ে রশ্মিকা আরও বলেন, “ও তো আর আমার শারীরিক কষ্ট পুরোপুরি নিজের গায়ে টেনে নিতে পারবে না, কিন্তু আমায় ভালো রাখার জন্য সবটা করে। আমি জানি ও আমার পাশে আছে। ও নিজে থেকেই আমার পেট টিপে দেয়, হাত-পা টিপে দেয়। একজন নারী হিসেবে এমন একজন পুরুষের কাছ থেকে আপনি এর থেকে বেশি আর কী বা প্রত্যাশা করতে পারেন?”
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই রাজকীয় কায়দায় উদয়পুরে সাতপাকে বাঁধা পড়েন বিজয় ও রশ্মিকা। ২০১৮ সালে প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পর থেকেই তাঁদের প্রেম নিয়ে টলিপাড়ায় গুঞ্জন শুরু হয়েছিল। যদিও দীর্ঘ সময় তাঁরা নিজেদের কেবল ‘ভালো বন্ধু’ বলেই পরিচয় দিয়ে এসেছেন, তবে শেষ পর্যন্ত সম্পর্কের বরফ গলে রূপ নেয় পরিণয়ে। সম্প্রতি ‘কফি উইথ করণ’ সিজন ৯-এ এসে বিজয় নিজেই ফাঁস করেছিলেন যে, ইতালিতে প্রপোজ করার পরিকল্পনা থাকলেও পছন্দসই আংটি না পাওয়ায় তা সম্ভব হয়নি। শেষমেশ বিয়ের ঠিক আগে, একেবারে সঙ্গীতের দিন রশ্মিকাকে প্রেমের প্রস্তাব দেন অভিনেতা, যাতে জীবনের এই বিশেষ অনুভূতি থেকে তাঁর অর্ধাঙ্গিনী কোনোভাবেই বঞ্চিত না হন।