সপ্তমীর সেই কালো রাতের পর এবার বিসর্জনের পালা! কড়া নিরাপত্তার মাঝে শুরু নতুন প্রক্রিয়া

সপ্তমীর রাতে ১৯ জনের প্রাণহানির মর্মান্তিক সেই ভয়াবহ বিপর্যয়ের ক্ষত এখনও টাটকা। শোকে স্তব্ধ চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব মণ্ডপ। ঘটনার ঠিক ছ’দিন বাদে, অবশেষে তদন্তের স্বার্থে এবং নিয়মরক্ষার্থে প্রতিমা বিসর্জনের তোড়জোড় শুরু হলো।
পুলিশ সূত্রে খবর, গত সপ্তমীতে ভয়াবহ দুর্ঘটনার পর থেকেই বন্ধ রাখা হয়েছিল মণ্ডপের দুর্গা দর্শন। বর্তমানে আদালতের নির্দেশে গঠিত বিশেষ তদন্তকারী দল (SIT) অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে। তবে তদন্তের কাজ ব্যাহত না করে এবং ঘটনাস্থলের পিছনের অংশ সম্পূর্ণ সুরক্ষিত রেখেই এবার মণ্ডপ থেকে প্রতিমা বাইরে বের করার কাজ শুরু হয়েছে।
পুলিশ ও প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, আজ এবং আগামীকাল সকাল পর্যন্ত প্রয়োজনীয় প্রস্তুতি সেরে আগামী কাল অর্থাৎ শুক্রবার বিকেলের দিকে প্রতিমা গঙ্গার ঘাটে বিসর্জনের জন্য নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, নিয়মমাফিক দশমীর দিনই ঘট বিসর্জন সম্পন্ন হয়ে গেলেও, বড় প্রতিমা স্পর্শ করার বা সরানোর ক্ষেত্রে পুলিশের কঠোর নজরদারি ও নির্দেশিকা রয়েছে। সিট-এর তিন মাসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও, বিসর্জনের এই প্রক্রিয়া ঘিরে চোরবাগান এলাকায় নতুন করে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।