ক্নাইস্টচার্চে নামার আগে স্পিন নিয়ে গোপন ছক! বৈভব সূর্যবংশীর এই অনুশীলন কাঁপিয়ে দেবে নিউজিল্যান্ডকে?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত জয়ের পর এবার দ্বিতীয় ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়েছে টিম ইন্ডিয়া। ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচে ভারতীয় একাদশে নিশ্চিতভাবেই পরিবর্তন আসতে চলেছে। কারণ, প্রথম সারির ব্যাটার ঈশান কিষাণ চোটের কারণে এই ম্যাচে দলের বাইরে রয়েছেন। আর তাঁর পরিবর্তে তরুণ সেনসেশন বৈভব সূর্যবংশীর প্রথম একাদশে সুযোগ পাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। আর মাঠে নামার আগে তাঁর অদ্ভুত অনুশীলন নজর কেড়েছে সবার।
হ্যাগলি ওভালের নেটে দীর্ঘক্ষণ অনুশীলন করতে দেখা গেছে বৈভব সূর্যবংশীকে। তবে বিশেষজ্ঞদের অবাক করে দিয়ে তিনি পেসারদের মুখোমুখি না হয়ে শুধুমাত্র স্পিনারদের বিপক্ষেই লম্বা সময় ধরে ব্যাট করেছেন। ক্রিকেট মহলের মতে, কিউই ব্রিগেড হয়তো বাঁ-হাতি এই তরুণের বিরুদ্ধে অফ-স্পিনার মাইকেল ব্রেসওয়েলকে ব্যবহার করার ছক কষছে। প্রথম টি-টোয়েন্টিতেও ব্রেসওয়েল ভারতীয় ব্যাটারদের বেশ অস্বস্তিতে ফেলেছিলেন। সেই কারণেই স্পিনের ফাঁদ কাটাতে এখন থেকেই বিশেষ প্রস্তুতি সেরে রাখছেন বৈভব।
এদিকে বৈভব একাদশে সুযোগ পেলে টিম ম্যানেজমেন্ট তাঁকে কোন পজিশনে মাঠে নামাবে, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। প্রথম ম্যাচে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন ওপেনিংয়ে নেমে তাণ্ডব চালালেও, বৈভবকে কি ওপেনিংয়ে পাঠানো হবে নাকি তিন নম্বরে খেলানো হবে—তা এখন হট কেক। ক্রাইস্টচার্চের উইকেটে এই তরুণ তুর্কি শেষ পর্যন্ত কেমন ম্যাজিক দেখান, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।