তৃণমূল বলে আর কোনও দল নেই! কলকাতা ও হাওড়া পুরভোট নিয়ে হুঙ্কার ছাড়লেন শমীক ভট্টাচার্য

সামনেই কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচন। আর তার আগে রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়িয়ে বড় দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর স্পষ্ট আশ্বাস, আসন্ন পুরসভা নির্বাচনে মানুষ বিজেপিকে বেছে নেবেন এবং এই দুই কর্পোরেশনেই জয়লাভ করে তাঁরা উপহার দেবেন একজন সত্যিকারের ‘কাজের মেয়র’। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে প্রার্থী বাছাই, ডিলিমিটেশন থেকে শুরু করে শাসকশিবিরকে আক্রমণ—একাধিক বিষয়ে মুখ খোলেন তিনি।
প্রার্থী বাছাইয়ের জল্পনা ও নিয়মাবলী নিয়ে প্রশ্ন করা হলে শমীকবাবু সাফ জানান, এই ধরনের কোনও নির্দেশ বা আবেদনপত্র এখনও দলের কাছে এসে পৌঁছয়নি। তবে দলের অন্দরে স্পষ্ট বার্তা রয়েছে যে, রাতারাতি পতাকা ধরে বা সুবিধাবাদী রাজনীতি করে পুরভোটে টিকিট পাওয়ার দিন শেষ।
এদিন তীব্র আক্রমণ শানিয়ে শাসকদলকে একহাত নেন শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, রাজ্যে কার্যত ‘তৃণমূল’ বলে আর কোনও দল অবশিষ্ট নেই। একসময়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাই বিজেপি লড়াই চালিয়েছে এবং সাধারণ মানুষ যে বর্তমান ব্যবস্থাকে প্রত্যাখ্যান করেছেন, তা স্পষ্ট হয়ে গিয়েছে। শমীকের কথায়, জনগণ কেবল উপরিভাগের বা পোশাকের পরিবর্তন দেখতে চান না, তাঁরা চান সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন। ২০২১ সালের বিধানসভা নির্বাচন থেকে শিক্ষা নিয়েই দল ২০২৬ সালের রাজনৈতিক প্রেক্ষাপটে এগোচ্ছে বলে দাবি করেছেন রাজ্য বিজেপি সভাপতি।