আইপিও আসার আগেই জিও-র বড় মাস্টারস্ট্রোক, সাশ্রয়ী ডিজিটাল পরিষেবায় বাজার দখলের বিরাট ছক আকাশ আম্বানির!

রিল্যায়েন্স ইন্ডাস্ট্রিজের টেলিকম এবং ডিজিটাল শাখা জিও এবার কেবল মোবাইল ইন্টারনেটেই নিজেদের আটকে রাখতে চাইছে না। আসন্ন আইপিও-র আগে কোম্পানির ভবিষ্যৎ কৌশল স্পষ্ট করে দিলেন জিও প্ল্যাটফর্মসের ব্যবস্থাপনা পরিচালক আকাশ আম্বানি। ১৫ অক্টোবর প্রকাশিত পরিকল্পনা অনুযায়ী, আগামী দিনে দেশের প্রতিটি বাড়ি, নাগরিক এবং ব্যবসায়ী মহলে মানসম্মত ও সাশ্রয়ী মূল্যের ডিজিটাল পরিষেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া এবং উন্নত ভারত ২০৪৭-এর স্বপ্ন থেকেই এই রোডম্যাপ তৈরি করা হয়েছে।
১০ কোটি বাড়িতে ব্রডব্যান্ড পৌঁছে দেওয়ার টার্গেট
আকাশ আম্বানি জানিয়েছেন, আগামী দিনে কোম্পানির প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে হোম ব্রডব্যান্ড বা ইন্টারনেট পরিষেবা। বর্তমানে জিও-র ব্রডব্যান্ড পরিষেবা প্রায় চার কোটি বাড়িতে পৌঁছানোর সক্ষমতা রাখে। এবার সেই গণ্ডি বাড়িয়ে সোজা ১০ কোটি বাড়িতে তা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে দেশের প্রায় ১৯,০০০ পিনকোডে নিজেদের নেটওয়ার্ক বিস্তার করার পরিকল্পনা করেছে জিও।
টেলিকম বাজারের গণ্ডি পেরিয়ে দেশের প্রতিটি কোণায় ডিজিটাল বিপ্লব ঘটাতে যেভাবে তোড়জোড় শুরু করেছে রিল্যায়েন্স, তাতে আগামী দিনে বাজারে জিও-র আধিপত্য যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।