স্বামীকে খুনে নীল ড্রামে দেহ বন্দি! ১৩ মাসের বিচারপ্রক্রিয়া শেষে ফাঁসির সাজা শুনতেই কেঁপে উঠল মুসকান-সাহিল

২০২৫ সালের মার্চ মাসে দেশজুড়ে আলোড়ন ফেলে দেওয়া মেরঠের ভয়াবহ ‘ব্লু ড্রাম’ হত্যাকাণ্ডে এল চূড়ান্ত রায়। দীর্ঘ ১৩ মাসের বিচারপ্রক্রিয়া শেষে স্ত্রী মুসকান রাস্তোগী এবং তাঁর প্রেমিক সাহিল শুক্লাকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল জেলা আদালত। রায়দানকালে বিচারক ভগবত গীতার বাণী উদ্ধৃত করে স্পষ্ট জানিয়ে দেন, অপরাধীকে উপযুক্ত শাস্তি দেওয়াটাই বিচারব্যবস্থার মূল ধর্ম।

২০২৫ সালের ৩ মার্চ মেরঠের বাসিন্দা সৌরভ রাজপুতকে অত্যন্ত নৃশংসভাবে খুন করা হয়। অভিযোগ ওঠে, স্ত্রী মুসকান ও তাঁর প্রেমিক সাহিল মিলে এই ঠান্ডা মাথার খুন করে। শুধু তাই নয়, অপরাধ লুকানোর জন্য সৌরভের দেহ টুকরো টুকরো করে একটি নীল প্লাস্টিকের ড্রামে ভরে তার মুখ সিমেন্ট দিয়ে সিল করে দেওয়া হয়েছিল। এই পৈশাচিক ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা দেশে শিউরে উঠেছিল সাধারণ মানুষ।

বুধবার এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করতে গিয়ে বিচারক মহাভারত ও শ্রীকৃষ্ণের কর্মযোগের দর্শন স্মরণ করান। সৌরভের পরিবারের আইনজীবী আদালতের বাইরে জানান, আসামিপক্ষের আইনজীবীরা নানা যুক্তিতে সাজা লঘু করার চেষ্টা করলেও বিচারক স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আদালত নিজের বিচারকার্য সততার সঙ্গেই সম্পন্ন করবে এবং অন্যায়কারীকে শাস্তি দেওয়াই ধর্ম। এই ঐতিহাসিক রায়ের পর দেশজুড়ে আইনি ও সামাজিক মহলে ফের একবার আলোচনা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *