‘আমার দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন!’ নিউ ইয়র্কে পৌঁছতেই বিক্ষোভের মুখে পড়লেন মহম্মদ ইউনূস

বিদেশ সফরে গিয়ে প্রবল বিক্ষোভ ও হেনস্থার মুখে পড়লেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রাক্তন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। সোমবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর একদল প্রবাসী বাংলাদেশি তাঁকে ঘিরে তীব্র প্রতিবাদ জানান। এমনকি তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয় বলে জানা গিয়েছে।
বাংলাদেশের সংবাদমাধ্যম ‘ডেইলি সান’-এর প্রতিবেদন অনুযায়ী, নোবেলজয়ী মহম্মদ ইউনূস কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে এসে টার্মিনাল ৮-এ অবতরণ করেন। বিমানবন্দর থেকে বেরোনোর সময় বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি ক্ষোভে ফেটে পড়েন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওয় দেখা গিয়েছে, বিমানবন্দরের ভিতরে হুইলচেয়ারে বসে থাকা ইউনূসকে লক্ষ্য করে এক ব্যক্তি চিৎকার করে বলছেন, “এই যে সন্ত্রাসী, আপনি এখানে কেন এসেছেন? আপনি আমার দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন!”
এছাড়াও তাঁকে ‘জঙ্গি’ বলে তোপ দেগে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও আইনশৃঙ্খলা অবনতির জন্য দায়ী করেন বিক্ষোভকারীরা। এই অপ্রত্যাশিত উত্তেজনার মাঝে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা দ্রুত তৎপর হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ইউনূস ও তাঁর সঙ্গীকে সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের বর্তমান প্রশাসন, এবং সংশ্লিষ্ট ‘আওয়ামী সন্ত্রাসীদের’ বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুংকারও দেওয়া হয়েছে।