‘সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে!’ নির্বাচন কমিশন ইস্যুতে মোদী সরকারকে চরম হুঁশিয়ারি দিলেন রাহুল

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি এবং এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সংঘাতে অনড় বিরোধীরা। এর মাঝেই মঙ্গলবার বিরোধী জোট ‘ইন্ডি’-র প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে বসেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৈঠক শেষে সুপ্রিম কোর্টের ভূমিকা ও দেশের বিচারব্যবস্থা নিয়ে আশাপ্রকাশ করার পাশাপাশি সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার হুংকার দিয়েছেন তিনি।

এদিন রাহুল গান্ধীর বাসভবনে আয়োজিত এই চা-চক্রের বৈঠকে উপস্থিত ছিলেন তেজস্বী যাদব, ডি রাজা, মহুয়া মৈত্রের মতো একাধিক হেভিওয়েট বিরোধী নেতা-নেত্রী। সম্প্রতি নির্বাচন কমিশনের একাধিক পদক্ষেপ ও এসআইআর প্রক্রিয়া নিয়ে দেশজুড়ে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছে বিরোধী শিবির। সেই আন্দোলনের রেশ টেনেই এদিন সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী আক্রমণ শানান কেন্দ্রের বিরুদ্ধে।

গণতন্ত্র বিপন্ন দাবি করে রাহুল বলেন, “আজ না হলে কাল, কাল না হলে পরশু, কিংবা এক মাস বা দু’ বছর—লড়াই থামবে না। সরকার চাইছে মানুষ যেন তাদের কথা বলতে না পারে, কিন্তু আমরা এটাকে কড়া চ্যালেঞ্জ জানাতে চাই।” সুপ্রিম কোর্টে পিটিশন দেওয়ার প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, দেশের শীর্ষ আদালত নিজের সঠিক ভূমিকা পালন করবে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনের পরবর্তী কৌশল নিয়ে রাহুল রহস্য বজায় রেখে বলেন, “আমরা শেষ পর্যন্ত লড়াই করব। তবে কীভাবে করব, সেটা এখন বলব না, তাহলে তো সব সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে!” সবমিলিয়ে, নির্বাচন কমিশন ও গণতন্ত্রের সুরক্ষা ইস্যুতে জাতীয় রাজনীতিতে আগামী দিনে সংঘাত যে আরও তীব্র হতে চলেছে, তা স্পষ্ট করে দিলেন কংগ্রেস সাংসদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *