দুর্নীতির কমিশনেও দুর্নীতি! আদালতের চোখ এড়িয়ে কীভাবে হাতবদল হলো ৫৪ কোটির সম্পত্তি?

আদালতের নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখিয়ে গোপনে বিক্রি ও হাতবদল করা হয়েছে চিটফান্ড সংস্থা ভিবজিওরের কোটি কোটি টাকার সম্পত্তি। আর এই চাঞ্চল্যকর ঘটনা ঘিরেই তীব্র ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। কমিটির হেফাজতে থাকা সম্পত্তি কীভাবে বেহাত হলো, তা খতিয়ে দেখতে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ED) পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
কোটি কোটি টাকার সম্পত্তি হাতবদল
আদালত সূত্রে জানা গিয়েছে, হাইকোর্টের নির্দেশে গঠিত কমিটির হেফাজতে থাকা সম্পত্তি বেআইনিভাবে বিক্রির অভিযোগ সংক্রান্ত মামলাটি শুনানির জন্য উঠলে রাজ্য সরকার চাঞ্চল্যকর তথ্য পেশ করে। ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেস-এর (EOW) প্রাথমিক তদন্ত রিপোর্টে উঠে এসেছে যে, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে নিয়ম ভেঙে একাধিক সম্পত্তি হাতবদল করা হয়েছে।
শুধু উত্তরবঙ্গের ডুয়ার্সের ৫৪ কোটির সম্পত্তিই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সম্পত্তিও এভাবেই গোপনে অন্য নামের সংস্থায় ঘুরিয়ে রেজিস্ট্রি ও বিক্রি করে দেওয়া হয়েছে বলে সরকারি আইনজীবী আদালতে স্বীকার করেছেন। কমিটির নজরদারি এড়িয়ে এই বিপুল অঙ্কের টাকা তছরুপের কড়া অভিযোগ তুলেছেন আমানতকারীদের আইনজীবীরা।
আদালতের কড়া নির্দেশ
পরিস্থিতির গুরুত্ব বুঝে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি সুদীপ দেবের ডিভিশন বেঞ্চ ইডি-কে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে, যে সমস্ত সম্পত্তি এখনও বাজেয়াপ্ত করা হয়নি, সেগুলি অবিলম্বে সিল (সিজ) করার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে আদালত। আগামী ২৬ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ওই দিন রাজ্য সরকার, গঠিত কমিটি এবং ইডি—তিন পক্ষকেই বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।