দিল্লিতে ফের ধুন্ধুমার! যন্তর-মন্তরে ব্যারিকেড টপকে বিক্ষোভ, ফের আটক ‘ককরোচ জনতা পার্টি’-র নেতারা!

নিষেধাজ্ঞা অমান্য করে দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ দেখানোর জেরে ফের একবার দিল্লি পুলিশের হাতে আটক হলেন ‘ককরোচ জনতা পার্টি’ (Cockroach Janata Party)-র শীর্ষস্থানীয় নেতারা। মঙ্গলবার সকালে আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস এবং আজিঙ্ক শিন্ডে সহ দলের একাধিক সদস্যকে আটক করে পুলিশ।

এ দিন সকালে ঘটনার একটি ভিডিও নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পোস্ট করেন অভিজিৎ দীপক। ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যায়, জাতীয় পতাকা হাতে এক লোহার গেট ও পুলিশি ব্যারিকেট টপকে যন্তর-মন্তরে ঢোকার চেষ্টা করছেন ককরোচ পার্টির সদস্যরা। এর পরেই ঘটনাস্থলে পৌঁছে একে একে তাঁদের আটক করে দিল্লি পুলিশ। যদিও এই ধরপাকড়কে পাত্তা না দিয়ে ‘এভাবে আন্দোলন আটকানো যাবে না’ বলেই হুঁশিয়ারি দিয়েছেন ককরোচ প্রধান অভিজিৎ দীপক।

এর আগে দিল্লির যন্তর-মন্তরে কোনো রকম বিক্ষোভ বা জমায়েত করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছিল দিল্লি পুলিশ। এর জবাবে অভিজিৎ দীপক হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, গোটা দেশই যন্তর-মন্তর হয়ে উঠবে। মূলত জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতেই এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। পুলিশের পক্ষ থেকে পরবর্তীতে আন্দোলনকারীদের জন্য নির্দিষ্ট বিক্ষোভ প্রদর্শনের স্থান জানিয়ে দেওয়ার কথা থাকলেও, তার আগেই মঙ্গলবার সকালে অনুমতি না নিয়ে সোজা যন্তর-মন্তরে পৌঁছে যান বিক্ষোভকারীরা। আর তারপরেই পুলিশের হাতে আটকের এই ঘটনা ঘটে।

উল্লেখ্য, এর আগেও গত শনিবার আন্দোলনের উদ্দেশ্যে মুম্বই থেকে বিমানে দিল্লি আসার সময়ে বিমানবন্দরেই আটক করা হয়েছিল অভিজিৎ দীপক, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাদের। দিল্লির মাটিতে পা রাখার পরই তাঁদের আটকে রাখা হয় এবং ২৪ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার দিল্লির বুকে সিজেপি নেতাদের এই আটকের ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *