বিগ বসের ঘরে কান্নার রোল! মাঝপথেই কি হঠাৎ শো ছাড়ছেন এই জনপ্রিয় প্রতিযোগী? জল্পনায় তোলপাড় নেটপাড়া

স্টার জলসার জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের ঘর মানেই প্রতিদিন নতুন চমক আর অপ্রত্যাশিত সব টুইস্ট। রবিবারই শো থেকে বিদায় নিয়েছেন প্রতিযোগী অনুষ্কা। সেই ধাক্কা সামলে প্রতিযোগীরা যখন মানসিকভাবে গুছিয়ে ওঠার চেষ্টা করছেন, ঠিক তখনই সামনে এল আরও এক চাঞ্চল্যকর প্রোমো, যা ঘিরে নেটপাড়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
সম্প্রতি প্রকাশ্যে আসা ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, বিগ বসের ঘর থেকে আচমকাই গোপন ডাক পেয়েছেন অভিনেতা জীতু কমল এবং ভরত কল। কনফেশন রুমে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে অত্যন্ত গম্ভীর মুখে বেরিয়ে আসেন তাঁরা। এরপর বাকি সদস্যদের এক জায়গায় জড়ো করে তাঁরা এমন কিছু জানান, যা শোনার পরেই গোটা ঘর জুড়ে কান্নার রোল পড়ে যায়। রিয়েলিটি শোয়ের নিয়ম অনুযায়ী সাধারণত কাউকে বিদায় জানানোর সময়ই এমন আবেগপ্রবণ পরিবেশ তৈরি হয়। কিন্তু রবিবারই যেখানে এভিকশন পর্ব মিটেছে, তবে কি সপ্তাহের শুরুতেই ফের কেউ আচমকা বাড়ি ছাড়ছেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে।
কেন এই আকস্মিক কান্নাকাটি?
প্রতিযোগীদের এমন আবেগপ্রবণ হয়ে পড়ার নেপথ্যের কারণ নিয়ে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে। একটি বিশেষ সূত্রের দাবি, শারীরিক অসুস্থতার কারণেই হয়তো বিগ বসের ঘর থেকে আচমকাই বিদায় নিতে হতে পারে ঝিলমকে। তবে বিগ বসের খেলায় শেষ মুহূর্ত পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যায় না। জীতু ও ভরত ঠিক কী বার্তা দিলেন এবং সত্যিই ঝিলমকে ঘর ছাড়তে হচ্ছে কি না, সেই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আজকের পর্বেই।