‘ফোনটা পর্যন্ত ছুঁতে দেয়নি, আইনজীবীর সঙ্গেও কথা বলতে দেওয়া হয়নি!’ হেফাজতে চরম হেনস্থার বিস্ফোরক অভিযোগ তুললেন অভিজিৎ

ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র বিক্ষোভ এবং দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে আটক করা নিয়ে দিল্লি পুলিশের সাম্প্রতিক সাফাই ও সংবাদ সম্মেলনের তীব্র প্রতিক্রিয়া জানালেন স্বয়ং সিজেপি প্রধান। পুলিশের দেওয়া ব্যাখ্যার প্রতিটি বিন্দুকে চ্যালেঞ্জ করে রবিবার সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি, যা নিয়ে জাতীয় রাজধানী ও রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে।

পুলিশের করা দাবির পাল্টা জবাব দিয়ে এক্স (X) হ্যান্ডেলে ডিসিপি নেহা যাদবের সংবাদ সম্মেলনের একটি ভিডিও ট্যাগ করে অভিজিৎ দীপকে লেখেন, “আমি শুধু আমার ঠাকুমার সঙ্গে থাকা তুতো ভাইয়ের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। আমি মাত্র কয়েক মিনিটের জন্য নিজের মোবাইল ফোনটি চেয়েছিলাম যাতে অন্তত ভাইটার নম্বরটা জোগাড় করতে পারি। কিন্তু দিল্লি পুলিশ আমাকে আমার ফোন ব্যবহার করতে দিল না কেন? আমি আমার আইনজীবীর সঙ্গেও কথা বলার অনুমতি চেয়েছিলাম, কিন্তু সেটাও আমাকে দেওয়া হয়নি।”

এর পাশাপাশি, পুলিশের বিরুদ্ধে পরিবারকে মানসিক হেনস্থা করার অত্যন্ত গুরুতর অভিযোগও এনেছেন সিজেপি প্রধান। ক্ষোভ উগরে দিয়ে তিনি লেখেন, “ভোর সাড়ে তিনটের সময় দিল্লি পুলিশ আমাকে জোর করে আমার বাবাকে ফোন করে জানাতে বলে যে কাল থেকে আমি দীর্ঘদিনের জন্য জেলে যাচ্ছি। যে বাবা সবেমাত্র নিজের মাকে হারিয়েছেন, তাঁকে রাত সাড়ে তিনটেয় এমন কথা বলতে বলা হয়েছিল। আমার ঠাকুমার মৃত্যুর পর আপনারা আমার পরিবারকে ঠিক আর কতটা যন্ত্রণা দিতে চেয়েছিলেন?”

পুলিশের যুক্তি ও সাফাইকে খণ্ডন করে অভিজিতের এই জোরালো আক্রমণ রাজধানীর প্রশাসনিক মহলে বড়সড় প্রশ্নের জন্ম দিয়েছে। একদিকে যখন পুলিশি পদক্ষেপকে সঠিক বলে দাবি করছে প্রশাসন, ঠিক অন্যদিকে সিজেপি প্রধানের এই একের পর এক বিস্ফোরক মন্তব্যে গোটা মামলাটি আরও জটিল মোড় নিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *