মাঝ আকাশে কেবিন ক্রুর ওপর চড়াও হলেন মহিলা যাত্রী, অবশেষে গ্রেফতার

মাঝ আকাশে প্লেনের কেবিন ক্রুর ওপর চড়াও হওয়ার ঘটনায় এক নারী যাত্রীকে আটক করা হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) ভারতীয় বিমানসংস্থা ভিস্তারা এয়ারলাইন্সের আবুধাবি থেকে মুম্বাইগামী একটি ফ্লাইটে এমন অপ্রীতিকর ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে জানানো হয়েছে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাওলা পেরুসিও নামের ৪৫ বছর বয়সী এক ইতালীয় নারীকে আটক করা হয়। তবে আটকের পর আবার জামিনে ছাড়াও পেয়ে গেছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, পাওলা পেরুসিও ভিস্তেরা এয়ারলাইন্সের ইকোনোমি ক্লাসের টিকেট কাটেন। কিন্তু তিনি গিয়ে বসেন বিজনেজ ক্লাসে। কেবিন ক্রু তাকে বিষয়টি বোঝানোর চেষ্টা করলেও তিনি সেটি মানেননি। কথা কাটাকাটির এক পর্যায়ে এক কেবিন ক্রুকে থাপ্পড় ও আরেকজনের মুখে থুতু মারেন তিনি। এছাড়া অর্থনগ্ন হয়ে প্লেনের ভেতর হাঁটাহাটি করতে থাকেন।

এ ঘটনা মুম্বাইয়ের পুলিশকে অবহিত করেন ওই প্লেনের কেবিন ক্রুরা। তাদের অভিযোগের ভিত্তিতে ইতালীয় নারীকে আটক করা হয়।

এ ঘটনা সম্পর্কে ভিস্তারা এয়ারলাইন্স এক বিবৃতিতে বলেছে, নারী যাত্রীর অস্বাভাবিক আচরণের পর প্লেনের পাইলট সতর্কতা জারি করেন। এছাড়া অন্য যাত্রীদের বারবার নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেন। এছাড়া বিমান অবতরণের পরই ওই নারীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়।

এদিকে আটকের পর ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা করে মুম্বাই পুলিশ। এছাড়া সবপক্ষের জবানবন্দি গ্রহণ করা হয়। এরপর ভারতীয় আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *