নিজে ২ কোটির আইনি জটে জর্জরিত! তবুও বন্ধুর স্ত্রীর জীবন বাঁচাতে কীভাবে এগিয়ে এলেন রাজপাল যাদব?

২ কোটি টাকার ঋণ ও আইনি জট মাথায় নিয়েও বন্ধুর স্ত্রীর চিকিৎসায় সাহায্যের হাত বাড়ালেন রাজপাল যাদব

নিজের জীবনে পাহাড়প্রমাণ আর্থিক সংকট এবং আইনি লড়াই চলার পরেও মানবতার টানে পিছপা হলেন না জনপ্রিয় বলিউড অভিনেতা রাজপাল যাদব। কোটি কোটি টাকার ঋণ ও আদালতের ডেডলাইনের চাপে জর্জরিত থাকা সত্ত্বেও তিনি এগিয়ে এলেন তাঁর এক পুরনো বন্ধু ও সহকর্মীর বিপদে। ক্রনিক কিডনি রোগে আক্রান্ত বন্ধুর স্ত্রীর চিকিৎসার জন্য সাধারণ মানুষের কাছে আর্থিক সাহায্যের আর্জি জানিয়ে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন অভিনেতা, যা এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

জানা গেছে, অভিনেতা রাজপাল যাদবের ঘনিষ্ঠ বন্ধু তথা সহকর্মী গৌরী শঙ্করের স্ত্রী দীর্ঘ এক মাস ধরে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ করেই অবস্থার অবনতি হওয়ায় তাঁর চিকিৎসার খরচ মেলাতে গিয়ে সর্বস্বান্ত হওয়ার উপক্রম হয়েছে পরিবারটির। এই সংকটজনক পরিস্থিতিতে বন্ধুর পাশে দাঁড়াতে সোশ্যাল মিডিয়ায় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরাগীদের প্রতি বিশেষ আবেদন জানান রাজপাল। ভিডিও বার্তায় তিনি উল্লেখ করেন, কঠিন এই সময়ে গৌরী শঙ্কর ও তাঁর পরিবারের পাশে দাঁড়ানো সকলেরই মানবিক দায়িত্ব।

এদিকে, এই খবর সামনে আসার পর নেটিজেনরা অভিনেতার এই মহানুভবতার প্রশংসা করছেন। একদিকে যখন নিজের পুরনো চেক-বাউন্স মামলা সংক্রান্ত আর্থিক জট ও সুপ্রিম কোর্টের নির্দেশমতো ২ কোটি টাকা জমা দেওয়ার চরম চাপের মুখোমুখি দাঁড়িয়ে অভিনেতা নিজেই দিশেহারা, ঠিক সেই অবস্থাতেও অন্যের পাশে দাঁড়ানোর তাঁর এই মানসিকতা মন জয় করে নিয়েছে সকলের। রাজপাল যাদবের পাশাপাশি বেশ কিছু শিল্পীকেও এই তহবিলে সাহায্যের জন্য এগিয়ে আসতে দেখা গেছে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *