মহালয়ার সকালেই বড় ধাক্কা স্টার জলসায়! আচমকাই বন্ধ হচ্ছে জনপ্রিয় মেগা ‘লক্ষ্মী ঝাঁপি’

দেবীপক্ষের সূচনা তথা মহালয়ার পুণ্যলগ্নে স্টার জলসার দর্শকদের জন্য এল এক মনখারাপ করা খবর। চ্যানেলটির অত্যন্ত জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’ চিরতরে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলো। একদিকে যখন ‘বিগ বস বাংলা’ এবং অন্যান্য রিয়ালিটি শো নিয়ে ছোটপর্দায় উত্তেজনার পারদ চড়েছে, ঠিক তখনই এই জনপ্রিয় মেগা শেষের ঘোষণায় হতবাক ও বিষণ্ণ অনুরাগীরা। ইতিমধ্যেই গত শুক্রবার শেষ হয়ে গেছে এই ধারাবাহিকের শুটিং, আর চলতি মাসের ৩১ তারিখ শেষবারের মতো টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হবে এই মেগা।
গত বছরের জুলাই মাসে ছোটপর্দায় পথচলা শুরু করেছিল সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখোপাধ্যায় জুটির এই ধারাবাহিক। প্রায় ১৫ মাসের দীর্ঘ জার্নি পেরিয়ে অবশেষে ইতি টানছে ‘লক্ষ্মী ঝাঁপি’। কিছুদিন আগেই যেমন ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকের কপালে নেমে এসেছিল শেষের খাঁড়া, তেমনই এবার কোপ পড়ল সৌরভ-শুভস্মিতার অনবদ্য অন-স্ক্রিন রসায়নের ওপরও। চ্যানেল সূত্রের খবর, গল্প আর বেশিদূর টেনে না নিয়ে গিয়ে বর্তমান সময়েই ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। টিআরপি বা চ্যানেলের নতুন কৌশলের জেরে যতই এই সিদ্ধান্ত হোক না কেন, দর্শকদের মন জয় করতে কিন্তু সফল হয়েছিল এই জুটি।
ধারাবাহিক শেষের মাঝেই সুখবর!
তবে মেগা বন্ধ হওয়ার মনখারাপকে এক লহ্মায় ধুয়ে মুছে সাফ করে দিয়েছে এই সেটেরই এক খুশির খবর। ‘লক্ষ্মী ঝাঁপি’-র সেট থেকেই যে এক মধুর সম্পর্কের সূচনা হয়েছিল, তা নিয়ে এখন নেটপাড়ায় শুরু হয়েছে চর্চা। শেষ দিনের শুটিংয়ের প্যাক-আপের পরই অনুরাগীদের জন্য এক দুর্দান্ত খবর শেয়ার করেছেন শুভস্মিতা ও সৌরভ দুজনেই। তাঁরা জানিয়েছেন, মেগা শেষ হওয়ার পর খুব শীঘ্রই দুই পরিবারের সম্মতিতে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা! পর্দায় তাঁদের রোম্যান্স তো দর্শকরা দীর্ঘ ১৫ মাস ধরে উপভোগ করেছেনই, এবার রিয়েল লাইফেও এক ছাদের নিচে নতুন জীবন শুরু করতে চলেছেন এই তারকা জুটি। ধারাবাহিক শেষের বিষাদের সুর ছাপিয়ে এই বিয়ের খবরে তাই এখন খুশির জোয়ার বইছে অনুরাগীদের মহলে।