‘চতুর্দিকে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করুক!’ দেবীপক্ষের সূচনায় দেশবাসীকে কি বার্তা দিলেন প্রধানমন্ত্রী?

আজ মহালয়া। ভোরে ঘুম ভাঙতেই ঘাটে ঘাটে তর্পণের ভিড় এবং চণ্ডীপাথ ও ঢাকের আওয়াজে সূচনা হয়ে গেল দেবীপক্ষের। মহালয়ার এই পুণ্যতিথিতে সমস্ত দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি রাজ্যবাসীকে শারদীয় ও মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল আরএন রবিও।
প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা:
সামাজিক মাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে একটি বিশেষ পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘‘শুভ মহালয়া! মা দুর্গার আশীর্বাদ প্রার্থনা করছি। মায়ের আশীর্বাদ আমাদের সমাজকে সুখ, সহমর্মিতা এবং আশায় পূর্ণ করুক। চতুর্দিকে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করুক।’’ প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছাবার্তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
রাজ্যপালের বার্তা ও বঙ্গবাসীর উৎসব:
অন্যদিকে, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে রাজ্যপাল আরএন রবি তাঁর বার্তায় উল্লেখ করেছেন, ‘‘পবিত্র ও আনন্দের দুর্গাপুজো উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মা দুর্গা আদি শক্তির প্রতীক। তিনি অন্যায় ও অধর্মের বিনাশ করেন, ধর্মকে রক্ষা করেন এবং সত্য ও ন্যায়ের জয় নিশ্চিত করেন। আমরা সবাই পরিবারের মতো মিলেমিশে শক্তির এই পবিত্র উৎসব পালন করি। একই সঙ্গে সোনার বাংলা গড়ার লক্ষ্যে উৎসাহ ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে চলি। শুভ দুর্গাপুজো, জয় মা দুর্গা।’’
গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ঢল:
মহালয়ার এই পবিত্র পুণ্যলগ্নে ভোররাত থেকেই গঙ্গাসাগর সৈকত ও রাজ্যের বিভিন্ন নদীর ঘাটে শুরু হয়েছে পুণ্যস্নান ও পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ। দেবীপক্ষের সূচনায় পুণ্যলাভের আশায় হাজার হাজার মানুষের সমাগমে মুখর হয়ে উঠেছে সাগরদ্বীপ। সাগরে স্নান ও তর্পণ সেরে সকাল থেকেই কপিল মুনির আশ্রমে পুজো দিতে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা।
পুণ্যার্থীদের নিরাপত্তা ও সুবিধা সুনিশ্চিত করতে জেলা ও ব্লক প্রশাসনের তরফে নেওয়া হয়েছে ব্যাপক ব্যবস্থা। কচুবেড়িয়া ভেসেল ঘাট, মূল স্নানঘাট এবং কপিল মুনি আশ্রম চত্বরে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি, অতিরিক্ত বাস ও ভেসেল চলাচল, স্বাস্থ্য শিবির, পানীয় জল ও অস্থায়ী শৌচালয়ের বন্দোবস্ত করেছে প্রশাসন, যাতে মহালয়ার এই পবিত্র দিনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।