সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল! দিল্লির ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ রাখতেই বড় বিপাকে স্বরাষ্ট্রসচিব ও পুলিশ কমিশনার

যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লির গণপরিবহণে কড়াকড়ি এবং মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত ঘিরে নতুন করে আইনি লড়াই শুরু হয়েছে। শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করে গত ৯ অক্টোবর দিল্লির মোট ৪৫টি মেট্রো স্টেশনে প্রবেশ ও বাহির পথ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সরাসরি আদালত অবমাননার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠী।
কারা রয়েছেন আইনি বিপাকে?
আবেদনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন, দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমার এবং দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)-এর চেয়ারপার্সন ডি তারা-র বিরুদ্ধে আদালত অবমাননার কঠোর পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে।
আইনজীবীর দাবি, এর আগেও শীর্ষ আদালত কোনো পরিস্থিতিতেই শহরের সাধারণ পরিবহণ ব্যবস্থা পুরোপুরি স্তব্ধ করে দেওয়ার বিরুদ্ধে অত্যন্ত স্পষ্ট অবস্থান নিয়েছিল। তা সত্ত্বেও ডিএমআরসি কীভাবে এমন সিদ্ধান্ত ঘোষণা করল, তা নিয়ে প্রশ্ন তুলেছে আবেদনকারীপক্ষ। বিক্ষোভ সামলানোর নামে সাধারণ মানুষের যাতায়াতের অধিকার খর্ব করায় এই মামলাকে কেন্দ্র করে জাতীয় রাজধানীতে নতুন করে প্রশাসনিক ও আইনি জল্পনা শুরু হয়েছে।