মহালয়া থেকে দশমী আবহাওয়া কেমন থাকবে? পুজোর আনন্দ মাটি করতে আসছ কোন দুর্যোগ?

দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর পুজো মানেই নতুন জামাকাপড় পরে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরার আনন্দ। কিন্তু আনন্দের মাঝেই সবথেকে বড় প্রশ্ন— পুজোয় আকাশ পরিষ্কার থাকবে তো? নাকি বরুণদেবের কৃপাদৃষ্টিতে পণ্ড হবে সব আয়োজন? এই সমস্ত জল্পনার মাঝেই পুজো নিয়ে বিরাট আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মহালয়ার দিন দক্ষিণবঙ্গের এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে স্বস্তির খবর হলো, আগামী ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই মূলত শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া বজায় থাকবে।
যদিও পুজো সম্পূর্ণ বিপদমুক্ত নয়। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী ১৪ অক্টোবর কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পর ১৫ থেকে ১৭ অক্টোবর অর্থাৎ পুজোর মূল দিনগুলিতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া ১৮ ও ১৯ অক্টোবরও বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে। তবে ২০ থেকে ২২ অক্টোবর অর্থাৎ দশমীর পরের দিনগুলিতে ফের আবহাওয়া শুষ্ক হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা মূলত ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। পুজোর দিনগুলিতে বৃষ্টি কিছুটা বাগড়া বসালেও উৎসবের উত্তাপ ও আমেজে ভাটা পড়বে না বলেই আশা করছেন শহরবাসী।