‘৯৩% নামই তো ফের যুক্ত হচ্ছে!’ সুপ্রিম কোর্টে এসআইআর মামলা নিয়ে বড় সওয়াল প্রশান্ত ভূষণের

ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিতর্ক এবং ট্রাইব্যুনালে পেন্ডিং থাকা আবেদনগুলির দ্রুত নিষ্পত্তির দাবিতে ফের সুপ্রিম কোর্টে উঠল বাংলার এসআইআর (SIR) মামলা। প্রয়োজনে নাম বাদ দেওয়ার আবেদনকে কিছুটা পিছিয়ে দিয়ে, নাম যোগ করার আবেদনের দ্রুত নিষ্পত্তি করতে হবে— এই মর্মে সওয়াল করেন আইনজীবীরা। শুধু তাই নয়, যেখানে যেখানে বর্তমানে নির্বাচন রয়েছে, সেখানকার আবেদনগুলির যাতে আগে নিষ্পত্তি করা হয়, সেই আর্জিও জানানো হয়েছে প্রধান বিচারপতির বেঞ্চে।

সুপ্রিম কোর্টে আইনজীবীদের সওয়াল:
এদিন আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন এবং প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে বাংলার এসআইআর পর্বের প্রসঙ্গ তোলেন। এর আগে দু’বার মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় ভোটাররা যে পরবর্তী উপনির্বাচন বা পুরভোটে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না, সে বিষয়টি আদালতের সামনে তুলে ধরেন তাঁরা। আইনজীবীদের স্পষ্ট বক্তব্য, বাদ যাওয়া ভোটাররা যেন আসন্ন পুর নির্বাচনে ভোটদানে অংশ নিতে পারেন, তার জন্য ট্রাইব্যুনালকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হোক। পরবর্তী শুনানির দিন ২৯ অক্টোবর নির্ধারিত করার কথা বললেও, ট্রাইব্যুনালের হাতে সময় কম থাকবে এই যুক্তি দেখিয়ে দ্রুত শুনানির অনুরোধ জানান তাঁরা।

প্রশান্ত ভূষণের প্রস্তাব ও আদালতের প্রতিক্রিয়া:
আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতকে জানান, ইতিমধ্যেই ট্রাইব্যুনালে যত আবেদন নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে প্রায় ৯৩ শতাংশ ক্ষেত্রেই নাম পুনরায় ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে। এই পরিসংখ্যানকে ভিত্তি করে বকেয়া আবেদনকারীদের আগামী পুর নির্বাচনে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হোক।

অন্যদিকে, বিচারপতি জয়মাল‍্য বাগচি জানান যে আদালত সমস্ত দিকই বিবেচনা করে দেখবে। আগামী ১৬ অক্টোবর বাংলার এই এসআইআর মামলার পরবর্তী শুনানি করবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এই মামলার রায় যে রাজ্য রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *