হাত ফসকে নয়, এবার সোজা সোশ্যাল মিডিয়া কাঁপালেন কৃষক! ১ কোটির বেশি ভিউ পেতেই মুগ্ধ বলিউড তারকারাও

ধান বা সবজির খেত মানেই তো কাদা-জল, রোদে পোড়া চামড়া আর ঘাম ঝরানো পরিশ্রম। কিন্তু সেই চেনা ছবি সম্পূর্ণ বদলে দিলেন ঝাড়খণ্ডের ২৪ বছর বয়সি এক তরুণ কৃষক। পেশায় চাষবাস করলেও তাঁর ফ্যাশন সেন্স এবং স্টাইলিশ মেকওভার এখন ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। সাধারণ কাদাভরা খেতকে নিমেষে ফ্যাশন র‍্যাম্পে পরিণত করে রাতারাতি ইন্টারনেটের সেনসেশন হয়ে উঠেছেন ঝাড়খণ্ডের এই যুবক।

খামার থেকেই সোজা র‍্যাম্প ওয়াক

নিশাংকর কেরকেট্টা নামের ওই যুবক সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি রিল শেয়ার করেছেন, যা ইতিমধ্যেই ঝড় তুলেছে নেটদুনিয়ায়। ভিডিওর শুরুতে দেখা যায়, গায়ে কাদা মেখে সাধারণ শর্টস ও গেঞ্জি পরে খেতের কাজ করছেন তিনি। কিন্তু ক্যামেরা ব্লিংক করতেই ঘটে ম্যাজিক! পরমুহূর্তেই তাঁর পরনে চলে আসে প্রিমিয়াম ব্র্যান্ডের শার্ট, ওয়াইড লেগ ট্রাউজার, চোখে স্টাইলিশ সানগ্লাস আর হাতে বিলাসবহুল ঘড়ি।

কখনও ব্ল্যাক ওভারকোট, কখনও আবার কর্পোরেট লুকে স্যুট-ব্লেজার পরে একের পর এক স্টাইলিশ পোজ দিতে দেখা যায় তাঁকে। চাষের ক্ষেতের কাদার মধ্যে এমন চোখ ধাঁধানো ফ্যাশন ট্রান্সফর্মেশন দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। অনেকেই ভালোবেসে তাঁকে ‘অরা ফার্মার’ (Aura Farmer) উপাধিও দিয়েছেন।

মুগ্ধ বলিউড তারকারাও

নিশাঙ্কের এই অসাধারণ স্টাইল শুধু সাধারণ নেটিজেনদেরই নয়, নজর কেড়েছে বলিউড তারকাদেরও। তাঁর এই ভাইরাল রিলটিতে কমেন্ট করেছেন জনপ্রিয় অভিনেত্রী ভূমি পেডনেকর। তিনি লিখেছেন, “কী ব্যাপার!” পাশাপাশি শিবানি দান্ডেকর এবং অনুশা দান্ডেকরও যুবকের ফ্যাশন সেন্সের ভূয়সী প্রশংসা করেছেন।

ইনস্টাগ্রামে ইতিমধ্যেই হাজার হাজার ফলোয়ার অর্জন করা এই তরুণ প্রমাণ করে দিয়েছেন যে, মনের ইচ্ছা আর ক্রিয়েটিভিটি থাকলে যে কোনো পেশাকেই অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া যায়। কাদা মাখা খেত আর আন্তর্জাতিক ফ্যাশনের এই অদ্ভুত মেলবন্ধনই এখন নেটদুনিয়ার সবচেয়ে বড় চর্চার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *