সেনসেক্স-নিফটিতে তুলকালাম ধস! আজ আপনার জমানো টাকার কী হাল হলো? রইল বাজার পতনের আসল কারণ

বৃহস্পতিবার সপ্তাহের উইকলি এক্সপায়ারির দিনেই মারাত্মক ধসের মুখোমুখি হলো ভারতের শেয়ার বাজার। এক দিনের ঝড়েই বাজার থেকে উবে গেল প্রায় ১০.৫২ লাখ কোটি টাকা। সেনসেক্স ও নিফটি দুই সূচকই হুহু করে নিচে নেমে যাওয়ায় মাথায় হাত পড়েছে লাখ লাখ ক্ষুদ্র ও বড় বিনিয়োগকারীর।
এক নজরে আজকের বাজারের চিত্র বৃহস্পতিবার লেনদেন চলাকালীন বোম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) প্রধান সূচক সেনসেক্স ১.৬৯ শতাংশ বা ১,২৩১.৯১ পয়েন্ট কমে ৭১,৪০৬ পয়েন্টে এসে থেমেছে। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (NSE) নিফটি ৫০ সূচক ১.৮২ শতাংশ বা ৪১৩ পয়েন্ট হারিয়ে ২২,১৯০ পয়েন্টের স্তরে নেমে এসেছে।
কীভাবে উবে গেল ১০ লাখ কোটি টাকা? আজ বাজার খোলার পর থেকেই শুরু হয় একের পর এক শেয়ারের গণহারে বিক্রি বা বাল্ক সেলিং। বিক্রির তীব্র চাপ সামলাতে না পেরে হুহু করে কমতে থাকে বিভিন্ন নামী-দামি কোম্পানির শেয়ার দর।
হিসাব অনুযায়ী, বুধবার বাজার বন্ধের সময় BSE তালিকাভুক্ত সমস্ত কোম্পানির মোট বাজার মূলধন (Market Capitalization) ছিল ৪,৭২,৩৫,২৭৩.৩৯ কোটি টাকা। যা বৃহস্পতিবার এক ধাক্কায় কমে দাঁড়ায় ৪,৬১,৮৩,৬৫৯.৩৩ কোটি টাকায়। অর্থাৎ মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বিনিয়োগকারীদের পকেট থেকে উধাও হয়ে গেছে ১০.৫২ লাখ কোটি টাকা।
কেন এই হঠাৎ ধস? বাজার বিশেষজ্ঞদের মতে, সেনসেক্সের সাপ্তাহিক মেয়াদ শেষের দিন হওয়ায় ট্রেডারদের মধ্যে পজিশন খালি করার হুড়োহুড়ি পড়ে যায়। পাশাপাশি বিশ্ববাজারের নেতিবাচক সংকেত এবং একটানা বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (FII) শেয়ার বিক্রি করে টাকা তুলে নেওয়ার ফলেই এই মহা বিপর্যয় ঘটেছে। টানা ধসের ফলে চিন্তার ভাঁজ পড়েছে দালাল স্ট্রিটের অন্দরে।