কেরল থেকে নিখোঁজ দেশের বিজ্ঞানী! উদ্ধার করতে গিয়ে কোন ভয়ঙ্কর জালে পড়লেন একেন বাবু?

কেরল থেকে কিডন্যাপড বিখ্যাত নিউক্লিয়ার সায়েন্টিস্ট! প্রকাশ্যে এল পুজোর ছবি ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’-র ট্রেলার
বাঙালি দর্শকদের অতি প্রিয় গোয়েন্দা চরিত্র ‘একেন বাবু’ এবার বড় পর্দায় আসছে একদম নতুন ও রোমাঞ্চকর মিশনে। চলতি বছরের পুজোয় মুক্তি পেতে চলা বহুল প্রতীক্ষিত ছবি ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’ (The Eken: Kerala E Kurukshetra)-র অফিসিয়াল ট্রেলার প্রকাশ্যে আসতেই বিনোদন জগতে হইচই পড়ে গিয়েছে। আগের সিরিজ ‘দ্য একেন: পুরুলিয়া পাকড়াও’-এর সাফল্যের পর এবার একেন বাবুর গন্তব্য দক্ষিণের রাজ্য কেরল।
প্রতিবেদন অনুযায়ী, ছবির গল্পে কেরল থেকে দেশের অন্যতম জনপ্রিয় নিউক্লিয়ার সায়েন্টিস্ট মিহির রায়কে অপহরণ করা হয়েছে। আর এই হাই-প্রোফাইল কেসের সুরাহা করার দায়িত্ব বর্তায় একেন বাবুর ওপর। দুই বন্ধু প্রমথ ও বাপিকে সঙ্গে নিয়ে কেরলে পৌঁছে একেন বাবু যেমন তার স্বভাবসিদ্ধ বুদ্ধি ও মজার সংলাপের মাধ্যমে নজর কাড়বেন, তেমনই এই ছবিতে থাকছে ভরপুর অ্যাকশন ও উত্তেজনার মুহূর্ত। ছবিতে একেন বাবুর ভূমিকায় যথারীতি অনির্বাণ চক্রবর্তী অভিনয় করলেও, খলনায়ক ‘ইরফান ফাজিল’-এর চরিত্রে ঋত্বিক চক্রবর্তীর উপস্থিতি দর্শকদের বাড়তি উন্মাদনা জোগাচ্ছে।
এছাড়াও সুহত্র মুখার্জি, সোমক ঘোষ, অম্বরীশ ভট্টাচার্য, রাইমা সেন ও অর্ণ মুখার্জির মতো তারকারা এই ছবিকে আরও সমৃদ্ধ করেছেন। জয়দীপ মুখার্জির পরিচালনায় এবং এসভিএফের প্রযোজনায় আগামী ১৫ অক্টোবর সিনেমা হলে মুক্তি পেতে চলেছে এই মেগা ভেঞ্চার। পুজোর বক্স অফিসে এই ছবি কতটা ধামাকা তোলে, এখন সেটাই দেখার।