ঘুষ নিতে গিয়ে এসিবি-র জালে ইঞ্জিনিয়ার!, পদ্ম-মঞ্চে ছবি ভাইরাল হতেই তুঙ্গে বিতর্ক

রাজ্যে পালাবদলের পর থেকেই সরকারি দপ্তরে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে আসছে প্রশাসন। তা সত্ত্বেও দুর্নীতি দমন শাখার (ACB) জালে একের পর এক সরকারি কর্মী আটকা পড়ছেন। এবার ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন হুগলি জেলা পরিষদের সরকারি ইঞ্জিনিয়ার সুমন দাস। আর তাঁকে ঘিরেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন শোরগোল। কারণ, ধৃত ওই ইঞ্জিনিয়ারের সঙ্গে বিজেপির একটি মঞ্চের বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে শাসক ও বিরোধী শিবিরের তীব্র রাজনৈতিক তরজা।

পুলিশ সূত্রে জানা গেছে, এক ঠিকাদারের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার হুগলি জেলা পরিষদের ওই ইঞ্জিনিয়ারকে তাঁর অফিস থেকেই ঘুষের টাকা-সহ হাতেনাতে গ্রেপ্তার করে দুর্নীতি দমন শাখা। চুঁচুড়া বড়বাজারের বাসিন্দা সুমন দাস এর আগে হাওড়া ও বর্ধমানে দায়িত্ব সামলানোর পর প্রায় আড়াই বছর আগে হুগলিতে বদলি হয়ে আসেন। অভিযোগ ছিল, প্রাপ্য টাকা পাইয়ে দেওয়ার বিনিময়ে ঠিকাদারের কাছে উৎকোচ দাবি করেছিলেন তিনি। গ্রেপ্তারের পর তাঁকে চুঁচুড়া থানায় নিয়ে দীর্ঘক্ষণ জেরা করা হয় এবং গভীর রাতে তাঁর বাড়িতেও তল্লাশি চালান তদন্তকারীরা।

তবে এই গ্রেপ্তারের রেশ কাটতে না কাটতেই সমাজমাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ছবি নতুন মাত্রা যোগ করেছে বিতর্কে। ওই ছবিগুলিতে দেখা যাচ্ছে, বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চট্টোপাধ্যায়কে একটি দলীয় মঞ্চে সংবর্ধনা দিচ্ছেন স্বয়ং অভিযুক্ত ইঞ্জিনিয়ার সুমন দাস। ঘটনাচক্রে দুজনেই চুঁচুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হওয়ায় বিষয়টি নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিরোধী দল।

তৃণমূল কংগ্রেসের হুগলি জেলা কনভেনার অসিত মজুমদার সরাসরি তোপ দেগে বলেন, “যিনি গ্রেপ্তার হয়েছেন, তিনি বিজেপির সভা মঞ্চে গৌতমবাবুকে সংবর্ধনা দিচ্ছেন। এটা থেকেই পরিষ্কার যে তিনি বিজেপির লোক এবং এই দুর্নীতির সঙ্গে বিজেপিও প্রত্যক্ষভাবে যুক্ত।”

যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চট্টোপাধ্যায় সাফ জানিয়েছেন, “সংবর্ধনা কে বা কারা দিচ্ছেন, ভিড়ের মধ্যে তা আলাদা করে চেনা আমাদের পক্ষে সম্ভব নয়। উৎসাহী হয়ে যে কেউ এমনটা করতেই পারেন। তবে তিনি যদি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত থাকেন বা অপরাধী প্রমাণিত হন, আইন অনুযায়ী তার শাস্তি হওয়া উচিত। বিজেপি কখনোই অপরাধীকে আড়াল করবে না।” দুর্নীতির অভিযোগে সরকারি আধিকারিকের গ্রেপ্তারি এবং তার জেরে রাজনৈতিক দড়িটানাটানিতে উত্তপ্ত হয়ে উঠেছে হুগলির রাজনৈতিক অঙ্গন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *