দলেরই নেতার ওপর চরম ক্ষোভ! তৃণমূলের সঙ্গে মিলে তোলাবাজির অভিযোগে বিজেপি মণ্ডল সভাপতিকে খুঁটিতে বেঁধে মারধর

রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দেওয়া এক অভাবনীয় ঘটনা ঘটে গেল বীরভূমের নানুরে। খোদ বিরোধী দলের এক মণ্ডল সভাপতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সঙ্গে গোপন আঁতাত ও তোলাবাজির গুরুতর অভিযোগ তুলে বৈদ্যুতিক খুঁটিতে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল গ্রামেরই একাংশ ক্ষুব্ধ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। প্রকাশ্য দিবালোকে দলের নেতার এমন দুর্দশার দৃশ্য ও ভিডিও সামনে আসতেই রাজ্য রাজনীতিতে চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নানুরের থুপসরা গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মণ্ডলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকার কর্মীদের ক্ষোভ জমে ছিল। দলীয় কর্মীদের অভিযোগ, দীর্ঘ সংগ্রামের পর যখন তাঁরা নানুরে বিজেপি টিকিয়ে রেখেছেন, তখন দলের ওই মণ্ডল সভাপতি স্থানীয় শাসক শিবিরের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, ছবি তুলছেন এবং তাঁদের ছত্রচ্ছায়ায় এলাকায় তোলাবাজি চালাচ্ছেন। এই ক্ষোভের জেরে বাসাপাড়া এলাকায় তাঁকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রেখে প্রকাশ্যে নিজেদের অসন্তোষ উগরে দেন সাধারণ কর্মীরা।

ঘটনার খবর চাউর হতেই রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ মণ্ডল এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন যে, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং তৃণমূলের সঙ্গে যোগাযোগের অভিযোগ খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উৎসবের মরশুমের মাঝে নিজ দলের নেতার এমন মার খাওয়ার ঘটনায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবিরও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *