পুজোয় রিলিজের মেগা লড়াই নিয়ে কী বললেন ‘ফেলুদা’? টলিউডের মহারণে কোন ছবির দিকে তাকিয়ে দর্শক?

পুজো মানেই বড়পর্দায় নতুম ছবির মেগা লড়াই আর বক্স অফিসে টলিউডের তারকার লড়াই। তবে এবারের দুর্গোৎসবের প্রেক্ষাপট একেবারেই আলাদা হতে চলেছে বলে মনে করছেন অভিনেতা টোটা রায়চৌধুরী (Tota Roy Choudhury)। আসন্ন পুজোয় সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় নন্দী মুভিজ় প্রযোজিত বহুল প্রতীক্ষিত ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ (Emperor vs Sarat Chandra)-তে নামভূমিকায় দেখা যাবে তাঁকে। ছবির প্রচারের মাঝেই এই বছরের পুজোর বক্স অফিস প্রতিযোগিতা নিয়ে মুখ খুললেন অভিনেতা।

সৃজিতের ফোন ও শরৎচন্দ্র হয়ে ওঠার জার্নি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে টোটার রসায়ন বরাবরই হিট। এর আগে সৃজিতের হাত ধরেই ‘ফেলুদা’ হিসেবে দর্শকের মন জয় করেছিলেন তিনি। এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো আইকনিক চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার অভিজ্ঞতা নিয়ে টোটা জানান, সৃজিতের ফোন পাওয়ার পর তিনি প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। সৃজিত তাঁকে ফোন করে বলেন, “তুমি কি জানো, আমার সঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মুখের মিল রয়েছে?”

প্রাথমিকভাবে নিজেকে ওই চরিত্রে কল্পনা করতে না পারলেও, পরিচালকের ওপর অন্ধ বিশ্বাসের কথা জানিয়ে টোটা বলেন, “সৃজিতের ওপর আমার পূর্ণ ভরসা রয়েছে। ও ফোন করেছে মানেই কিছু ভেবেই করেছে। ফোন রাখার পর আমি অনেকক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেছি। সৃজিতের সিনেমা আমি কোনোদিন ফেরাইনি।” এরপর চরিত্রটির ব্রীফ পাওয়া থেকে শুরু করে পরিচালকের সঙ্গে দীর্ঘ আলোচনার মাধ্যমে নিজেকে প্রস্তুত করেছেন তিনি।

‘এবারের পুজো সবচেয়ে কঠিনতম’— কেন বললেন টোটা? চলতি পুজোয় বক্স অফিসে একাধিক হেভিওয়েট ও তারকা সমৃদ্ধ ছবি মুক্তি পাচ্ছে। এই তীব্র প্রতিযোগিতা কি তবে তাঁর ওপর বাড়তি চাপ তৈরি করছে? এই প্রশ্নের উত্তরে টোটার সাফ জবাব, “একজন অভিনেতা হিসেবে প্রযোজকের টাকা ফেরত দেওয়ার একটা নৈতিক দায়িত্ব তো থাকেই। তবে আমার মনে হয়, এই বছরের পুজোটি এযাবৎকালের অন্যতম কঠিনতম পুজো।”

তিনি আরও বলেন, “এবার পুজোয় যে ছবিগুলো মুক্তি পাচ্ছে, তার প্রতিটিই খুব ভালো সিনেমা। বিষয় বৈচিত্র্যও রয়েছে। ফলে দর্শকের কাছেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো— কোন ছবিটা ছেড়ে কোন ছবিটা দেখবে! তবে দর্শক যদি সবকটা ছবিই দেখেন, আমি খুব খুশি হব। অবশ্য আমার ছবিটা দেখলে একটু বেশিই আনন্দ পাব।” একই সঙ্গে দেব-শুভশ্রীর ছবি থেকে শুরু করে অন্যান্য বড় প্রজেক্টগুলির টিজারের প্রশংসাও করতে দেখা গেছে তাঁকে। পরিশেষে টোটার আশা, তাঁদের এই ছবি পুরোপুরি শিকড়ের গল্প বলবে, আর বাঙালির কাছে পুজো মানেই তো শিকড়ে ফেরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *