পুজোর আগে রাজ্যবাসীর জন্য মেগা ধামাকা! এই অর্থবর্ষেই রাজ্যে ১ লক্ষ সরকারি চাকরির বিরাট ঘোষণা!

চাকরিপ্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পুজোর ঠিক মুখেই এক যুগান্তকারী ও মেগা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, বর্তমান অর্থবর্ষের মধ্যেই রাজ্যের বিভিন্ন দপ্তরে অন্তত ১ লক্ষ সরকারি চাকরি দেওয়া হবে। আইনি জটিলতা ও ওবিসি জট কাটিয়ে যেভাবে তরুণ প্রজন্মের কর্মসংস্থানের পথ প্রশস্ত করা হয়েছে, তা নিয়ে আশাবাদী রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী জানান, সমস্ত পুরনো জট ও আইনি বাধা কাটিয়ে পাবলিক সার্ভিস কমিশন (PSC) এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন দপ্তর মিলিয়ে ১৪,৪৫৪টি নতুন পদের নিয়োগের সিদ্ধান্ত ক্যাবিনেট অনুমোদন করেছে। এর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বিচার বিভাগ, মাস এডুকেশন, দমকল এবং কারেকশনাল হোমের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি অন্তর্ভুক্ত রয়েছে।
পাশাপাশি, পুলিশ বাহিনীতেও বড়সড় নিয়োগের সুখবর দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, আগামী দেবীপক্ষেই পুলিশের প্রথম ব্যাচের হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র ও পোশাক তুলে দেওয়া হবে। বিগত দিনের সমস্ত জট কাটিয়ে আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে বিভিন্ন দপ্তরে পরীক্ষা শেষ করে চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সরকারের এই বিরাট ঘোষণায় উৎসবের মরশুমের আগেই বাংলার বেকার যুবক-যুবক এবং চাকরিপ্রার্থীদের মনে নতুন আশার আলো দেখা দিয়েছে।