বেড়ে গেল হস্টেলের খাওয়ার খরচ ও ভাতা! পুজোর আগে বড়সড় আর্থিক স্বস্তি দিল নবান্ন!

পুজোর আগেই রাজ্যবাসীর জন্য একগুচ্ছ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পুলিশি ব্যবস্থাকে আরও সক্রিয় করতে পুজোর আগেই প্রায় ১২ হাজার কনস্টেবলের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। পাশাপাশি, সরকারি দফতরে শূন্যপদে নিয়োগ, ছাত্রছাত্রীদের হস্টেল ভাতা এবং কর্মবন্ধুদের বেতন বাড়ানোর মতো একাধিক জনমুখী সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেট।
পুলিশে ১২ হাজার নিয়োগ ও ১ লক্ষ চাকরির প্রতিশ্রুতি
রাজ্যে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “পূর্বের সরকার চাকরি চুরি করেছে, ওবিসি জট পাকিয়ে তা ঝুলিয়ে রেখেছিল। কিন্তু আমাদের সরকার দায়িত্ব নিয়ে ১২,০০০ কনস্টেবল নিয়োগ করছে। পিএসসি এখন সমস্ত বাকি থাকা পরীক্ষা দ্রুত শেষ করছে।”
মুখ্যমন্ত্রী আরও জানান, চলতি অর্থবর্ষের মধ্যেই সবমিলিয়ে ১ লক্ষ চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ক্যাবিনেট বৈঠকে পাবলিক সার্ভিস কমিশন (PSC) এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে মোট ১৪,৪৫০টি নতুন নিয়োগের প্রস্তাবে ছাড়পত্র মিলেছে। স্বাস্থ্য, বিচার বিভাগ, ফরেস্ট ও ফায়ার সার্ভিস সহ কলকাতা ও রাজ্য পুলিশের বিভিন্ন শাখায় এই নিয়োগ প্রক্রিয়া আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে সম্পন্ন হবে। আগামী ১১ অক্টোবর দেবীপক্ষ শুরুর দিনই প্রথম ব্যাচের হাতে নিয়োগপত্র ও ইউনিফর্ম তুলে দেওয়া হবে বলে জানান তিনি।
ভাতা বৃদ্ধি ও একাধিক কল্যাণমূলক ঘোষণা
এদিনের ক্যাবিনেট বৈঠকে সাধারণ মানুষ ও পড়ুয়াদের কথা মাথায় রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে:
-
কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি: কর্মবন্ধুদের মাসিক ভাতা ৫,০০০ টাকা থেকে বাড়িয়ে সরাসরি ৮,০০০ টাকা করা হয়েছে, যা চলতি অক্টোবর মাস থেকেই কার্যকর হবে।
-
হস্টেল খাদ্যে আর্থিক সাহায্য: হস্টেলে থেকে পড়াশোনা করা তপশিলি জাতি ও উপজাতি (SC/ST) ছাত্রছাত্রীদের খাবার বাবদ মাসিক বরাদ্দ ১,৮০০ টাকা থেকে বাড়িয়ে ৩,৩০০ টাকা করা হয়েছে।
-
ভগিনী নিবেদিতা স্কিম: উচ্চশিক্ষায় আগ্রহী অবিবাহিতা ছাত্রীদের জন্য এই বিশেষ প্রকল্প আনা হয়েছে। যেখানে প্রথম দু’বছর ১৭,০০০ টাকা এবং তৃতীয় বছরে ১৬,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আগামী জানুয়ারি থেকে এই অনুদান মিলবে।
-
ডায়াল ১১২ পরিষেবা: রাজ্যে দ্রুত পুলিশি পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী ১০ অক্টোবর থেকে ‘ডায়াল ১১২’ (112) জরুরি পরিষেবা চালু করার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
সবমিলিয়ে উৎসবের মরশুমের ঠিক আগে রাজ্য সরকারের এই মেগা ঘোষণায় কর্মসংস্থান ও আর্থিক সুরক্ষার ক্ষেত্রে এক বিরাট স্বস্তি মিলবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।