‘গণতন্ত্র রক্ষার ভণ্ডামি করছে লিবারেলরা!’ নাম না করে কংগ্রেসকে তুলোধনা সিজেপির, মোক্ষম কটাক্ষ

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইয়ের শিবাজি পার্কে বিরাট প্রতিবাদের পর এবার প্রকাশ্য রাজনৈতিক সংঘাতে জড়িয়ে পড়ল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP) এবং কংগ্রেস। দল ও প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে কোণঠাসা করতে বিরোধীদের একাংশ চক্রান্ত করছে বলে বিস্ফোরক অভিযোগ তুলেছে সিজেপি নেতৃত্ব।
শনিবার সিজেপি-র শীর্ষ নেতৃত্ব সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা দাবি করেন যে, দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ও এই গণআন্দোলনকে নিশানা করতে বিজেপির বাইরেও আরেকটি রাজনৈতিক দল সক্রিয়ভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এর পরপরই অসম কংগ্রেসের মুখপাত্র রীতম সিং পাল্টা আক্রমণ শানিয়ে দাবি করেন যে, সিজেপি আসলে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির (AAP) নির্দেশিকা মেনেই পরিচালিত হচ্ছে।
মুম্বইয়ের শিবাজি পার্কে বিশাল বিক্ষোভের পর সামাজিক মাধ্যম এক্স-এ (X) সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা লেখেন, দীর্ঘ সময় পর অভিজিৎ দিপকে যখন দেশের কোটি কোটি তরুণের মনে আশা জাগাতে পেরেছেন, তখন কিছু তথাকথিত লিবারেল গোষ্ঠী কেবল সামাজিক মাধ্যমে বসে গণতন্ত্র রক্ষার ভণ্ডামি করছে এবং সিজেপি-কে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে।
অন্যদিকে, সিজেপি নেতা সৌরভ দাস এই পুরো পরিস্থিতিকে অত্যন্ত আশঙ্কাজনক বলে আখ্যা দিয়ে বলেন, বিজেপির বাইরেও কিছু লোক নিজেদের দেশ ও সংবিধান রক্ষার ‘একছত্র ঠিকাদার’ মনে করে। যখন তরুণ প্রজন্ম রাজপথে নেমে বড় লড়াই করছে, তখন এই দলগুলি নানাভাবে বিভাজন তৈরি করার চেষ্টা করছে।