রিচার্জ করলেই মিলবে ১ লক্ষ টাকার বিমা! বিএসএনএলের যুগান্তকারী ঘোষণায় ঘুম উড়ল জিও-এয়ারটেলের

বেসরকারি টেলিকম সংস্থাগুলির ট্যারিফ বৃদ্ধির বাজারে গ্রাহকদের ধরে রাখতে একের পর এক বড়সড় চমক দিয়ে চলেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। এবার দেশের কোটি কোটি গ্রাহকের জন্য একসঙ্গে দুটি দুর্দান্ত সুবিধা ঘোষণা করল বিএসএনএল। যার মধ্যে রয়েছে নিজেদের পছন্দমতো ওটিটি (OTT) প্ল্যাটফর্ম বেছে নেওয়ার স্বাধীনতা এবং প্রিপেইড প্ল্যানের সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে দুর্ঘটনা ও সাইবার জালিয়াতির বিরুদ্ধে বিমার সুরক্ষা। বিশেষ করে গ্রামীণ অঞ্চলের ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই এই যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতি মাসে বদলানো যাবে ওটিটি অ্যাপ
এতদিন নির্দিষ্ট কিছু ওটিটি প্যাকের ওপর নির্ভর করতে হলেও, এবার থেকে ভারত ফাইবার (Bharat Fiber) ব্রডব্যান্ডের গ্রাহকরা তাঁদের ইচ্ছেমতো ওটিটি প্ল্যাটফর্ম বেছে নিতে পারবেন। সংস্থার তরফে ২৫টি জনপ্রিয় অ্যাপের একটি তালিকা দেওয়া হবে, যার মধ্যে রয়েছে ডিজনি প্লাস হটস্টার, সনি লিভ এবং জি ফাইভের মতো প্রথম সারির ওটিটি এবং আঞ্চলিক বিনোদন প্ল্যাটফর্মগুলি। সবচেয়ে বড় কথা, এই সুবিধা এককালীন নয়; গ্রাহকরা প্রতি মাসেই নিজেদের পছন্দমতো স্পোর্টস বা এন্টারটেইনমেন্ট অ্যাপ বেছে নিতে পারবেন। বিএসএনএলের ‘সিনেমা প্লাস’ পোর্টালের মাধ্যমেই খুব সহজেই এই সুবিধা উপভোগ করা যাবে।
ফ্রি অ্যাক্সিডেন্টাল ও সাইবার ফ্রড ইনসিওরেন্স
বিনোদনের পাশাপাশি গ্রাহকদের আর্থিক নিরাপত্তার দিকটিও জোরদার করেছে বিএসএনএল। ‘দ্য ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’-এর সঙ্গে হাত মিলিয়ে প্রিপেইড প্ল্যানের সঙ্গে বিনামূল্যে বিমার সুবিধা নিয়ে এসেছে তারা। এর আওতায় মিলবে ১ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনাজনিত মৃত্যু কভার (যেমন সাপের কামড়, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া বা আগুনে পোড়ার মতো দুর্ঘটনা) এবং ১০ হাজার টাকা পর্যন্ত সাইবার ফ্রড প্রটেকশন। ফিশিং বা ইমেল স্পুফিংয়ের মতো অনলাইন প্রতারণায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হলে সেই আর্থিক ক্ষতির ক্ষতিপূরণ দেবে বিএসএনএল। বিএসএনএলের এই জোড়া ঘোষণায় সাধারণ মানুষ যে দারুণভাবে উপকৃত হবেন, তা বলাই বাহুল্য।