দাঁতে ব্লেড ওয়্যার জড়ানো, বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত বুনো হাতি! বক্সায় বাঘ ছাড়ার আনন্দের মাঝেই রাজগঞ্জে মর্মান্তিক কাণ্ড

একদিকে যখন আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পে মহা সমারোহে বাঘ ছাড়ার উৎসব উদযাপিত হচ্ছে, ঠিক সেই মুহূর্তেই জলপাইগুড়ির রাজগঞ্জে একটি বুনো হাতির রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা বৈকুণ্ঠপুর বনবিভাগের নোধাবাড়ির জঙ্গলে একটি বুনো হাতির নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
দাঁতে ব্লেড ওয়্যার ও বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা
বনদফতর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া হাতিটির দাঁত এবং পুরো শরীরে নিষিদ্ধ ‘ব্লেড ওয়্যার’ বা অত্যন্ত ধারালো কাঁটাতার পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। বনকর্মীদের প্রাথমিক অনুমান, জমির ফসল বুনো পশুর হাত থেকে বাঁচাতে স্থানীয় কেউ বা কারা বেআইনিভাবে ওই কাঁটাতারে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রেখেছিল। আর সেই ফাঁদের সংস্পর্শেই এসেই বিদ্যুত্স্পৃষ্ট হয়ে হাতিটির মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এই খবর চাউর হতেই স্থানীয় এলাকাবাসী ও পরিবেশপ্রেমীদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। খবর পেয়েই দ্রুত বনকর্মী ও পরিবেশপ্রেমীরা ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলেন।
অস্বস্তিতে বনদফতর ও তদন্ত শুরু
উত্তরবঙ্গে যখন একাধারে উচ্চপর্যায়ের বন কর্মসূচি ও বন্যপ্রাণী সংরক্ষণের উৎসব পালিত হচ্ছে, ঠিক সেই সময়ই এই ধরনের মর্মান্তিক ঘটনা সামনে আসায় চরম অস্বস্তিতে পড়েছে বনদফতর। ইতিমধ্যেই হাতিটির দেহের ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে, ঘটনার গুরুত্ব বুঝে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজগঞ্জের বিধায়ক দিনেশ সরকার। ঠিক কী কারণে এবং কোন অসাধু চক্রের জেরে এমন বেআইনি বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখতে এবং প্রকৃত দোষীদের খুঁজে বের করতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বনদফতর।