শিল্প ফেরাতে মোক্ষম পদক্ষেপ! মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে চূড়ান্ত হল বাংলার নতুন শিল্পনীতি, কবে সিলমোহর?

শিল্পখরায় ধুঁকতে থাকা বাংলাকে ফের অর্থনৈতিক ছন্দে ফেরাতে এবার তৎপর হলো রাজ্য সরকার। শিল্পায়নের চাকা ঘোরাতে এক বড় পদক্ষেপ করল নবান্ন। বৃহস্পতিবার রাজ্যের নতুন শিল্পনীতির খসড়া চূড়ান্ত করতে বৈঠকে বসেছিল মন্ত্রীগোষ্ঠী বা ‘গ্রুপ অফ মিনিস্টারস’। দীর্ঘ আলোচনার পর সেই খসড়ায় সিলমোহর পড়েছে বলেই খবর।

নবান্ন সূত্রে খবর, এদিনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত-সহ মন্ত্রিসভার অন্য বিশিষ্ট মন্ত্রীরা। এর আগে বিভিন্ন বণিকসভা এবং দেশের প্রথমসারির শিল্পপতিদের একাংশের সঙ্গেও দফায় দফায় আলোচনা সেরেছিল এই মন্ত্রিগোষ্ঠী। সকলের মতামতকে গুরুত্ব দিয়েই শিল্পনীতির খসড়া প্রস্তুত করা হয়েছে।

তবে এখনই এই নীতি সম্পূর্ণ কার্যকর হচ্ছে না। নিয়মানুযায়ী, মন্ত্রিগোষ্ঠীর অনুমোদনের পর এই খসড়াটি পাঠানো হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালের কাছে। সেখানে যদি কোনও সংশোধন বা পরিবর্তনের সুপারিশ থাকে, তা সম্পন্ন করার পর এটি চূড়ান্ত অনুমোদনের জন্য রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হবে।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসার সম্ভাবনা রয়েছে। আর সেই বৈঠকেই এই নতুন শিল্পনীতি আনুষ্ঠানিকভাবে গৃহীত হতে পারে বলে মনে করা হচ্ছে। ওয়াকিবহাল মহলের মতে, পুজোর আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই বহুকাঙ্ক্ষিত শিল্পনীতি ঘোষণা করার জোরালো লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। দীর্ঘমেয়াদী এই নীতি বাংলার শিল্প মানচিত্রে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *