ভিনদেশে মানব পাচার ও সাইবার জালিয়াতির বিরাট নেটওয়ার্ক! কাশ্মীর জুড়ে একযোগে তল্লাশিতে মিলল মোবাইল, পাসপোর্ট ও চুক্তিপত্র

বিদেশে আকর্ষণীয় বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তরুণদের মিয়ানমারে পাচার করা এবং পরবর্তীতে তাদের জোর করে সাইবার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে ফেলার এক আন্তর্জাতিক চক্রের হদিশ মিলল। এই চক্রের বিরুদ্ধে বড়সড়ো পদক্ষেপ করেছে রাজ্য তদন্ত সংস্থা (SIA) কাশ্মীর। বৃহস্পতিবার কুলগাম এবং কাজিগুন্দ এলাকায় একাধিক সন্দেহভাজন ব্যক্তির গোপন আস্তানায় একযোগে ম্যারাথন অভিযান চালিয়েছে তদন্তকারী দলগুলি।

অভিযান সূত্রে জানা গিয়েছে, উপযুক্ত আদালতের কাছ থেকে সুনির্দিষ্ট সার্চ ওয়ারেন্ট সংগ্রহ করার পরই এই তল্লাশি অভিযান চালানো হয়। কুলগামের চেভগম এলাকার বাসিন্দা গোলাম নবী খান্ডে ওরফে চার্লি এবং বাগশিপোরার বাসিন্দা আশিক হুসেন শেখের বাসভবনে ভোরে হানা দেন তদন্তকারীরা।

দীর্ঘ তল্লাশি চালিয়ে এই চক্রের সঙ্গে জড়িত একাধিক গুরুত্বপূর্ণ ডিজিটাল ডিভাইস এবং আপত্তিকর নথি বাজেয়াপ্ত করেছেন আধিকারিকরা। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে বেশ কয়েকটি মোবাইল ফোন, পরিচয়পত্র, প্যান কার্ড, পাসপোর্ট এবং ভিনদেশে চাকরির জাল চুক্তিপত্র।

প্রাথমিক তদন্তে তদন্তকারীরা জানতে পেরেছেন, স্থানীয় কিছু দালাল চক্রের সক্রিয় সদস্যরা বিদেশে থাকা তাদের অন্যান্য সহযোগীদের সঙ্গে হাত মিলিয়ে এই রেকেট চালাত। দেশের সরলস্বভাবের বেকার যুবকদের উচ্চ বেতনের চাকরির স্বপ্ন দেখিয়ে প্রথমে ভিনদেশে নিয়ে যাওয়া হতো, আর তারপর শুরু হতো আসল নির্যাতন ও প্রতারণা। আন্তর্জাতিক এই জালিয়াতি এবং মানব পাচার চক্রের শিকড় ঠিক কতদূর বিস্তৃত এবং এর নেপথ্যে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *