স্কুল বা মন্দিরের ধারের দিন শেষ! মদ বিক্রি নিয়ে রাজ্যে জারি হলো কড়া নতুন নিয়ম

পশ্চিমবঙ্গে মদ বিক্রি ও নতুন লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আবগারি নীতিতে বড়সড় পরিবর্তন আনল সরকার। স্কুল, কলেজ এবং ধর্মীয় স্থানগুলির সুরক্ষা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্য সরকারের নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে শহরাঞ্চল বা পৌর এলাকায় মদের নতুন খুচরা দোকানগুলি শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থান থেকে অন্তত ৫০০ মিটার দূরে খুলতে হবে। অন্যদিকে, গ্রামীণ ও অ-পৌর এলাকায় এই ন্যূনতম দূরত্ব বাড়িয়ে ১ কিলোমিটার বা এক হাজার মিটার করা হয়েছে।

কী বলছে নতুন নির্দেশিকা?

পশ্চিমবঙ্গ রাজ্য লিকার অ্যাসোসিয়েশনের সচিব বিজন পাত্র জানিয়েছেন যে, নতুন সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রামীণ এলাকায় স্কুল-কলেজ বা মন্দির-মসজিদের এক কিলোমিটারের মধ্যে কোনো নতুন মদের লাইসেন্স দেওয়া হবে না। তবে স্বস্তির বিষয় হলো, এই দূরত্বের নিয়মটি পুরোনো বা ইতিমধ্যে চালু থাকা মদের দোকানগুলির ক্ষেত্রে প্রযোজ্য হবে না; অর্থাৎ পুরনো দোকানগুলোর ওপর এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তবে কোনো বর্তমান দোকান যদি শপিং মলে স্থানান্তরিত হতে চায়, তবে তার ক্ষেত্রে বিশেষ নিয়ম কার্যকর হবে।

বন্ধ থাকা দোকান খোলার সুযোগ ও অন্যান্য বদল

বর্তমান পরিস্থিতিতে রাজ্যজুড়ে এমন প্রায় ৩,০০০ থেকে ৪,০০০-এর বেশি দোকান রয়েছে যা সংবেদনশীল এলাকার ১ কিলোমিটার সীমার মধ্যে পড়ে। পাশাপাশি, দীর্ঘ দিন ধরে আইনি জটিলতা কিংবা লাইসেন্স সংক্রান্ত নানা কারণে বন্ধ থাকা প্রায় ৩০০টি মদের দোকান নির্দিষ্ট শর্ত সাপেক্ষে পুনরায় খোলার অনুমতি দেওয়ার কথাও বলা হয়েছে নতুন নীতিতে। তবে নতুন অফ-শপ খোলার ক্ষেত্রে কড়া শর্ত থাকায় ব্যবসায়িক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *